ওঙ্কার ডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন। ইরানে পরমাণু কেন্দ্র ধ্বংস প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উল্টো কথা বলেছিলেন ক্রুজ। জল্পনা, সেই কারণে তাঁকে অপসারণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২১ জুন গভীর রাতে ইরানের পরমাণু ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল। মার্কিন ‘স্টেল্থ’ বোমারু বিমান ‘বি-২ স্পিরিট’ সেই হামলা চালিয়েছিল। ইরানের তিন পরমাণুকেন্দ্র— নাতানজ, ফোরদো এবং ইসফাহানে পরমাণু অস্ত্র নির্মাণের পরিকাঠামো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু জেফ্রি ক্রুজ মার্কিন প্রেসিডেন্টের উল্টো পথে হেঁটে রিপোর্ট দিয়েছিলেন ইরানের পরমাণু কেন্দ্রগুলির তেমন কোনও ক্ষতি হয়নি বলে। সেই রিপোর্ট দেওয়ার এক মাসের মধ্যে তাঁকে বরখাস্ত করা হল।
মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইনটেলিজেন্স এজেন্সি বা ডিআইএ-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে বরখাস্ত করার পাশাপাশি নৌ সেনা এবং সেনার দুই কর্তাকেও শুক্রবার রাতে সরিয়ে দিয়েছে ওয়াশিংটন। তবে ঠিক কী কারণে সেনাকর্তাকে অপসারণ করা হল, সে বিষয়ে মুখ খোলেনি প্রশাসনের কেউ। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বিবৃতিতে কেবলমাত্র জানিয়েছেন, তিন সামরিক কর্তাকে ‘অব্যাহতি’ দেওয়া হয়েছে।
