অর্পিতা মুখার্জী, কলকাতা: জেনসেন হুয়াংয়ের সিইও পদে ফেরার প্রস্তাব খারিজ করে দিল এনভিডিয়া। মঙ্গলবার কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস সর্বসম্মতভাবে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে এবং তাঁকে আর ফেরানো হবে না বলে জানিয়ে দিয়েছে। ত্রৈমাসিক আয় সংক্রান্ত কলে এই কথা জানান এনভিডিয়ার চেয়ারম্যান হার্ভে জোনস। সূত্রের খবর বর্তমানে হুয়াংয়ের পদে দায়িত্ব সামলাচ্ছেন সিএফও কোলেট ক্রেস। স্থায়ী সিইও না পাওয়া পর্যন্ত তিনিই থাকবেন ওই পদে।
হুয়াং তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পরেই শুরু হয় এই টানাপোড়েন। অভিযোগ, চিনা এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, যাঁর চিনের গুপ্তচর সংস্থার সঙ্গে যোগ থাকার সন্দেহ রয়েছে। এরপর বিতর্ক শুরু হতেই তাঁকে সরিয়ে দেওয়া হয় সংস্থার গুরুত্বপূর্ণ পদ থেকে। অন্যদিকে এই ঘটনায় ট্রাম্প প্রশাসনের মধ্যেও মতবিরোধ দেখা দেয়।
গত রবিবার ট্রেজারি সচিব স্কট বেসেন্ট এনভিডিয়ায় বড়সড় রদবদলের দাবি জানান। পরের দিনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াংয়ের ফেরার পক্ষে সওয়াল করেন। তবে যেহেতু গোটা বিষয়টা বর্তমানে তদন্তস্বাপেক্ষ তাই শেষ পর্যন্ত এই জল কোনদিকে গড়াবে তা নিয়ে জল্পনা রয়েছে বিভিন্ন মহলে।
এর আগে মঙ্গলবারই সমাজমাধ্যমে এক পোস্টে হুয়াং বলেন, বোর্ড যদি মনে করে তাঁর ফেরা শেয়ারহোল্ডার, কর্মী, কোম্পানি এবং দেশের স্বার্থে ভালো হবে, তা হলে তিনি “সম্মানিত” বোধ করবেন। পাশাপাশি ব্যক্তিগত জীবনে “গুরুতর ভুল” করার কথা স্বীকার করেন তিনি।
বলে রাখা ভালো, বিগত কয়েক দিনের বিতর্ক সত্ত্বেও তৃতীয় ত্রৈমাসিকে ওয়াল স্ট্রিটের প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে এনভিডিয়া। কোম্পানির আয় হয়েছে ১১৬ বিলিয়ন ডলার, যা গত বছরের দ্বিগুণ। শেয়ার প্রতি নিট আয় হয়েছে ২.৭০ ডলার, যা অনুমান করা ২.৪৮ ডলারের থেকে বেশি। খবর প্রকাশের পর আফটার-আওয়ার্স ট্রেডিংয়ে এনভিডিয়ার শেয়ার ৫.২ শতাংশ বেড়ে যায়। হুয়াংয়ের উত্তরসূরি প্রসঙ্গে জোনস বলেন, “আমরা যত দ্রুত সম্ভব স্থায়ী সিইও নিয়োগ করতে চাই, কিন্তু ঠিক মানুষকে না পেয়ে তাড়াহুড়ো করব না।”
অন্য়দিকে স্পেসএক্স এবং টেসলার সিইও এলন মাস্ক-সহ প্রযুক্তি জগতের বেশ কয়েকজন হুয়াংকে ফেরানোর দাবি জানিয়েছিলেন। একইভাবে ট্রাম্পও তাঁর প্রত্যাবর্তনকে সমর্থন করেছিলেন। হুয়াং বলেন, ফেরার জন্য কর্মী, বিনিয়োগকারী, ব্যবসায়িক অংশীদার এবং গ্রাহকদের কাছ থেকে “বিপুল” সমর্থন পেয়েছেন তিনি। গত সপ্তাহে শুরু হওয়া “স্ট্যান্ড উইথ জেনসেন” পিটিশনেও বর্তমান ও প্রাক্তন কর্মী, বিনিয়োগকারী এবং সিলিকন ভ্যালির সমর্থকরা সই করেন।
এই প্রসঙ্গে সোমবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, প্রাক্তন সিইও ফিরতে পারেন। তাঁর কথায়, হুয়াং “বড় শিক্ষা” পেয়েছেন এবং তিনি ফিরলে তাঁর “অবশ্যই আপত্তি থাকবে না”।
কিন্তু মঙ্গলবারই এনভিডিয়া বুঝিয়ে দিয়েছে, তারা হুয়াংকে ছাড়াই এগিয়ে যাচ্ছে। ত্রৈমাসিক কনফারেন্স কলের শেষে অন্তর্বর্তী সিইও ক্রেস বলেন, “আমাদের গতি বাস্তব। আমাদের চাহিদা বাড়ছে। আমরা সামলে নেব।”