নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়লেন থানার এক এএসআই। চন্দ্রকোনা থানার এএসআই মোহন সামন্তকে গ্রেফতার করেছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। জানা গিয়েছে, চন্দ্রকোনা থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রাস্তার ধারে এক ব্যক্তির থেকে টাকা নেওয়ার সময় ওই পুলিশ অফিসারকে হাতেনাতে ধরে ফেলেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকেরা। ধৃত পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদ-সহ বাকি প্রক্রিয়া সারছেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকেরা। তবে এই বিষয়ে প্রশাসনিক আধিকারিকরা এখনও সংবাদমাধ্যমের সামনে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।
অভিযোগকারী বিশ্বজিৎ ভুঁইয়া। চন্দ্রকোনার রামগড় গ্রামে তাঁর বাড়ি। তাঁর অভিযোগ, আদালতের একটি মামলায় সিডি জমা দেওয়ার কথা থাকলেও তা পুলিশ দেয়নি। পরিবর্তে ওই পুলিশ অফিসার টাকা চান বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতেই ফাঁদ পাতে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। দশ জনের একটি টিম হাতেনাতে ধরে ওই পুলিশ অফিসারকে। সূত্রের খবর, ওই অফিসারকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনায় চন্দ্রকোনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। থানার একেবারে কাছেই, দিনের আলোয় রাস্তার ধারে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ অফিসারের ধরা পড়ার ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। সাধারণ মানুষের অভিযোগ, আদালতের কাজের জন্য সিডি জমা দেওয়ার মতো সরকারি কাজেও টাকা চাওয়া হচ্ছে। অ্যান্টি করাপশন ব্রাঞ্চের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন অনেকেই। ধৃত অফিসারের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ কী হয়, সেদিকেই এখন নজর সকলের।