স্পোর্টস রিপোর্টার : কলকাতা লিগ জেতায় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। এদিন সুপার সিক্সের ম্যাচে নবাব ভট্টাচাৰ্যর দল ইউনাইটেড এসসির কাছে গোলশুন্য ড্র করল টিম লাল হলুদ। ফলে চাপ বাড়লো লিগ জয়ের কারণ ইতিমধ্যে কোল ইন্ডিয়াকে ৫-১ গোলে হারিয়ে দিয়েছে আর এদিন মহামেডান স্পোর্টিং হারালো ভবানীপুরকে ২-০ ব্যবধানে। ইস্টবেঙ্গলের কোল ইন্ডিয়া আর মহামেডান জিতলেই শুধু হবে না বড়ো ব্যবধানে হারাতে হবে। এদিন ইস্টবেঙ্গলের খেলায় ছন্দ ছিল না।তার উপর চাকু মান্ডি, মনোতোষ মাজি, বিক্রম প্রধানরা দলে ছিলেন না। ডিফেন্সে অঙ্কন ভট্টাচার্য, মনোতোষ চাকলাদাররা কোনও ভুল করেননি। গোলকিপার গৌরব সাউও অপ্রতিরোধ্য ছিলেন। কিন্তু মাঝমাঠে-আক্রমণে চাকু, বিজয় মুর্মুদের অভাব ভালো করেই টের পাওয়া গেল।ডার্বিতে গোল করে নায়ক হয়েছিলেন বিলাল। তার পুরস্কার হিসেবে এদিন শুরু থেকেই দলে ছিলেন। কিন্তু শুধু গতিতে বিপক্ষকে পরাস্ত করা যায় না। সুযোগ কাজে লাগাতে হয়। অনন্থু, আকাশ হেমরামরা নিষ্প্রভ।

বৃষ্টিতে মাঠ এমনিতেই ভারী হয়ে ছিল। তার উপর ইউনাইটেড গোলকিপার সৌরভ সামন্ত অসামান্য সেভ করেন। ৪০ মিনিটে বিলালের শট বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচান সৌরভ। প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধেও ফিনিশিংয়ের অভাবে ভুগল ইস্টবেঙ্গল। শেষের দিকে কিছু ছন্নছাড়া ক্রস ভেসে আসে ইউনাইটেডের বক্সে। সেগুলো আটকাতে খুব একটা সমস্যায় পড়েননি সৌরভ। ম্যাচের পর লাল-হলুদ কোচ স্বীকার করে নেন, “ডার্বির পর দলের মধ্যে আত্মতুষ্টি ঢুকে গিয়েছিল। তবে এখনও দু’টো ম্যাচ আছে। আমরা হাল ছাড়ছি না লিগ জিতব আশাবাদী।’