ওঙ্কার ডেস্ক: কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার সকালে কালীঘাট মেট্রো স্টেশনের কাছে একটি ধাবায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। প্রাথমিক ভাবে দু’টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ৮টার কিছু পরে ধাবাটিতে আগুন লাগে। আগুনের তীব্রতা বাড়তে দেখে স্থানীয় বাসিন্দারাই প্রথমে তা নেভানোর চেষ্টা করেন। পরে সকাল ৮টা ২২ মিনিট নাগাদ দমকলের কাছে খবর পৌঁছয়। খবর পেয়েই ঘটনাস্থলে পাঠানো হয় দু’টি ইঞ্জিন। পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী দমকলের ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হতে পারে। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। আপাতত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনাই দমকলকর্মীদের প্রধান লক্ষ্য। পরিস্থিতি স্বাভাবিক হলে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে। সকালের ব্যস্ত সময়ে এই ঘটনায় ওই এলাকায় সাময়িক যানজটও তৈরি হয়।
উল্লেখ্য, সম্প্রতি সাউথ সিটি কমপ্লেক্সের তিন নম্বর টাওয়ারেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আবাসনের ২৮ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। খবর পেয়ে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তার আগে সেপ্টেম্বর মাসে উত্তর কলকাতার চিৎপুরের নবাবপট্টি এলাকায় একটি গুদামে আগুন লেগেছিল। ওই গুদামে রাসায়নিক এবং পোশাক তৈরির বিভিন্ন সামগ্রী মজুত ছিল। আগুন নেভাতে দমকলের ১০টি ইঞ্জিন কাজে লাগানো হয়।