ওঙ্কার ডেস্কঃ কলকাতা মেট্রোয় প্রায়দিনই বিভ্রাট-গোলযোগ! এ যেন নিত্য ঘটনা। মঙ্গলবার সকালেও ফের মেট্রোয় সমস্যা। ব্লু লাইনে নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে মেট্রো আটকে যায় বলে খবর। অফিস টাইমে ভোগান্তিতে নিত্যযাত্রীরা।
জানা গেছে, মঙ্গলবার সকালে শহিদ ক্ষুদিরামগামী মেট্রো আচমকাই নেতাজি ভবন ও রবীন্দ্র সদন স্টেশনের মাঝামাঝি জায়গায় আটকে পড়ে। আলো নিভে যাওয়ায় স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। মেট্রো রেল সূত্রে খবর, হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট থেকেই এই গোলযোগের সৃষ্টি হয়। আধিকারিকদের দাবি, যত দ্রুত সম্ভব যাত্রীদের নিরাপদে স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই অন্ধকার হয়ে যায় মেট্রোর ভিতরে। মেট্রো থেমে যায়। সুড়ঙ্গে আটকে পড়া যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লে মেট্রো কর্মীরা তাঁদের আশ্বস্ত করেন। সুড়ঙ্গ দিয়েই হাঁটিয়ে নিয়ে বের করা হয় তাদের।
এই ঘটনার জেরে কয়েকটি স্টেশনে পরিষেবা বন্ধ হয়ে যায়। আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চালু থাকলেও, মাঝের অংশে পরিষেবা বন্ধ রয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুতের সমস্যাটি দ্রুত মেরামত করে পুরো রুট আবার সচল করার চেষ্টা চলছে।
