ওঙ্কার ডেস্ক: জমির নথি নাগরিকত্বের প্রমাণ নয়, এক মামলায় এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট। নিজেদের পর্যবেক্ষণে আদালত স্পষ্ট ভাবে জানিয়েছে, জমির নথি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী সন্দেহে গত জুন মাসে পশ্চিমবঙ্গে নাসির মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সেই মামলার শুনানির সময় আদালত এই মন্তব্য করেছে। বিচারপতি জানিয়েছেন, কোনও বিদেশি ভারতে সম্পত্তি কিনলেই তিনি ভারতীয় নাগরিক হয়ে যান না।
আদালত দু পাতার নির্দেশে উল্লেখ করেছে, ‘এক জন বিদেশি নাগরিক ভারতে সম্পত্তি কিনতেই পারেন। কেবল ভারতে কোনও স্থাবর সম্পত্তি কিনলেই তিনি স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিক হয়ে যান না।’ ডিটেনশন সেন্টারে বন্দি থাকা নাসির মোল্লার এক আত্মীয় এই মামলা করেছিলেন আদালতে। নাসিরের আইনজীবীর দাবি, আটক ব্যক্তি একজন ভারতীয় নাগরিক।
অন্য দিকে, রাজ্যের তরফে আইনজীবী দাবি করেন, তিনি নিজেই বিদেশি হওয়ার কথা স্বীকার করেছিলেন। আদালত আবেদনকারীকে এমন নথি জমা দিতে বলেছিল, যা তাঁর ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে। এদিন বিচারপতি ওই ব্যক্তিকে আরও কিছুটা সময় দিয়েছেন নিজের নাগরিকত্ব প্রমাণের জন্য। তিনি যে ভারতীয় নাগরিক, তা প্রমাণ করে এমন কোনও নথি আগামী ২০ জুলাই এর মধ্যে জমা দেওয়ার জন্য হাইকোর্ট তাঁকে সময় দিয়েছে। আদালত জানায়, ‘রিট আবেদনকারী সেই সময়ের মধ্যে হলফনামার মাধ্যমে আটক ব্যক্তির ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য যে কোনও নথি জমা দিতে পারেন।’
উল্লেখ্য, গত মাসেই কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে পাসপোর্ট ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। পর্যবেক্ষকদের মতে, পাসপোর্ট কখনওই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ ছিল না। অ-নাগরিকদেরও এই নথি দেওয়া সম্ভব। ২০১৩ সালের এক রায়ে বোম্বে হাইকোর্টও একই কথা বলেছিল। আদালত জানিয়েছিল, যেহেতু আইন অনুযায়ী অ-নাগরিকদেরও পাসপোর্ট দেওয়া যেতে পারে, তাই কেবল পাসপোর্ট থাকলেই সেটিকে নাগরিকত্বের ‘চূড়ান্ত’ বা ‘অকাট্য’ প্রমাণ হিসেবে গণ্য করা যায় না।