ওঙ্কার ডেস্ক: বাংলায় নিপা সংক্রমণের আতঙ্ক। ভাইরাসে আক্রান্ত ২ স্বাস্থ্যকর্মীর অবস্থা স্থিতিশীল। আতঙ্কের মধ্যেই এবার চিড়িয়াখানার সদস্যদের স্বাস্থ্য নিয়ে সচেতন করছে কর্তৃপক্ষ। কলকাতা চিড়িয়াখানায় আদতেই বাদুড়ের ডেরা। আর বাদুড় থেকেই আই নিপা ভাইরাস ছড়াচ্ছে। সেকারণেই সতর্কতা অবলম্বন করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
শীতকাল মানেই চিড়িয়াখানায় ভিড়। প্রতিদিন হাজার হাজার দর্শকের আনাগোনা রয়েছে। এছাড়া কর্মীসংখ্যাও কম নয়। নিপা ভাইরাস আতঙ্ক ছড়াতেই নিয়মিত প্রাণীদের রক্ত পরীক্ষা করতে বলা হয়েছে। কর্মী এবং চিড়িয়াখানায় আসা দর্শকদেরও সচেতন করা হচ্ছে। নিপা ‘জুনুটিক ভাইরাস’। অর্থাৎ পশুর শরীর থেকে এই ভাইরাস মানুষের শরীরে ঢোকে। সেকারণেই এই সতর্কতা।
জু অথরিটির মেম্বার সেক্রেটারি পি কমলাকান্ত জানিয়েছেন, চিড়িয়াখানায় নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা সচেতন রয়েছি। চিড়িয়াখানার কিছু প্রাণীদের রক্ত পরীক্ষা করতে বলা হয়েছে। সেইসঙ্গে কর্মী ও দর্শকদের সচেতন করা হচ্ছে।
