ওঙ্কার ডেস্ক: রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে জয়ী হওয়া প্রার্থীদের শপথ গ্রহণ ছিল বুধবার। এদিন নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়। সবার আগে বিধায়ক হিসেবে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই শপথ গ্রহুণ অনুষ্ঠানের দিন ভিন্ন ছবি দেখা গেল বিধানসভায়। একাধিক তৃণমূল বিধায়ককে দেখা গেল শুভেন্দু অধিকারীর ঘরে ঢুকতে। যদিও পরে মুখ্যমন্ত্রী জানান, জোড়াফুল শিবিরের বিধায়করা তাঁকে বলেছেন, তাঁরা স্বাধীনতা পেয়েছেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘরে জোড়াফুল শিবিরের বিধায়কদের উপস্থিতি নিয়ে শুরু হয়েছে জল্পনা। নিছক রাজনৈতিক সৌজন্যের খাতিরে নাকি এখানে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ রয়েছে মূলত তা নিয়ে চলছে চর্চা। বুধবার বহরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখকে দেখা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘরে ঢুকতে। রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান এবং সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসরাও যান সেখানে। তৃণমূল বিধায়কদের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারী বলেন, ‘তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন, আমরা স্বাধীনতা পেলাম।’ তাঁর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন আরও বলেন, এবার থেকে শাসনব্যবস্থায় কোনও গোপনীয়তা থাকবে না। সাধারণ মানুষের স্বার্থে সরকার পরিচালিত হবে। তাঁর কথায়, ‘এবার থেকে বিধানসভায় কোনও কিছু গোপন থাকবে না। জনগণের দ্বারা, জনগণের সরকার দেখবে সাধারণ মানুষ।’ জয়ী প্রার্থী অর্থাৎ নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে তাঁর বার্তা, ‘সবাই নিজের এলাকায় যান। মানুষ যে দায়িত্ব আমাদের দিয়েছেন সেই দায়িত্ব পালন করতে হবে।’