ওঙ্কার ডেস্ক: ধর্মতলায় ছাত্রদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তদন্তে বড় সাফল্য পেল কলকাতা পুলিশ। ঘটনায় অন্যতম অভিযুক্ত মহম্মদ আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ তল্লাশির পর পশ্চিম বর্ধমানের অন্ডাল এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে।
গত কয়েকদিন আগে ধর্মতলায় ছাত্রদের আন্দোলন চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের উপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে বেশ কয়েকজন সাংবাদিককে মারধর করা হয়, ধাক্কাধাক্কি করা হয় এবং তাঁদের ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুরের চেষ্টা করা হয়। ঘটনায় কয়েকজন সাংবাদিক আহতও হন। হামলার একাধিক ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ঘটনার পর কলকাতা পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু হয়। তদন্তে মহম্মদ আফরোজের নাম সামনে আসার পর থেকেই তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল। অবশেষে অন্ডাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ মনে করছে, জিজ্ঞাসাবাদে হামলার ঘটনায় জড়িত আরও ব্যক্তিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।