ওঙ্কার ডেস্ক: পুজোয় ঠাকুর দেখতে শহরের এ মাথা থেকে ওমাথা ঘুরে বেড়ান অনেকে। পুজোপ্রেমীদের কথা মাথায় রেখে তাই বিশেষ উপহার মেট্রো রেল কর্তৃপক্ষের। মাত্র একটি কার্ড কিনেই শহরের যে কোনও রুটের মেট্রোতে চড়ে ঠাকুর দেখতে পারবেন সাধারণ মানুষ। পুজো উপলক্ষে এই বিশেষ সুবিধা চালু করা হয়েছে মেট্রো রেলের তরফে।
কলকাতা মেট্রো সূত্রের খবর, দুর্গাপুজোয় ঠাকুর দেখার জন্য ৩ দিন ও ৫ দিনের জন্য বিশেষ নতুন স্মার্ট কার্ড চালু করা হয়েছে। তিন দিনের কার্ডের দাম রাখা হয়েছে ২৫০ টাকা এবং পাঁচ দিনের কার্ডের দাম রাখা ৫৫০ টাকা। এই কার্ড ব্যবহার করে যে কেউ যেখান থেকে খুশি মেট্রোতে ওঠানামা করতে পারবেন। শুধু তাই নয় আনলিমিটেড মেট্রো যাত্রা করতে পারবেন তাঁরা। এমনিতেই শিয়ালদহ-এসপ্ল্যানেড রুট চালু হওয়ার পর থেকে মেট্রোতে ভিড় যথেষ্ট বেড়েছে। এই সুবিধা চালু করার পর পুজো উপলক্ষে মেট্রোতে আরও ভিড় বাড়বে বলে মনে করা হচ্ছে।
গত বছর পুজোর সময় প্রায় ৯ লক্ষ মানুষ মেট্রোতে চড়েছিলেন। তবে এ বছর একাধিক নতুন রুট চালু হওয়ায় যাত্রী সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে, চলতি বছরে যাত্রীর সংখ্যা ১২ লক্ষের গণ্ডি পেরোতে পারে। উল্লেখ্য, গত ২২ আগস্ট শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন অরেঞ্জ লাইনেও বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারিত লাইনের উদ্বোধন করেন মোদী।
