ওঙ্কার ডেস্ক: মহানগরের রাস্তায় রাতের বেলা গাড়িতে তুলে নিয়ে তরুণীকে শ্লীলতাহানির ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ২৪ বছর বয়সী ওই অভিযুক্ত গাড়িতে ছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। এই ঘটনায় এখনও অধরা দুই অভিযুক্ত। সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা হলেও এখনও পাকড়াও করা সম্ভব হয়নি।
ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার ওই তরুণীকে প্রগতি ময়দান থানা এলাকা থেকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় তিন ব্যক্তি। গাড়ির ভিতরে তরুণীকে শ্লীলতাহানি করা হয়। সেই সঙ্গে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। অভিযুক্তদের বাধা দিতে গেলে নির্যাতিতার সঙ্গে ধস্তাধস্তি হয়। তার ফলে শরীরে বেশ কিছু জায়গায় চোট পেয়েছেন তরুণী। পরে ময়দানের কাছে নির্যাতিতাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চম্পট দেয় অভিযুক্তেরা। ময়দান এলাকায় কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা তরুণীর কাছে গিয়ে গোটা ঘটনার কথা জানতে পারেন। এর পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ইতিমধ্যে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। শ্লীলতাহানির মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ইতিমধ্যে এক জনকে গ্রেফতার করা হলেও দুই অভিযুক্ত অধরা।
জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী পূর্ব কলকাতার বাসিন্দা। অভিযুক্তদের মধ্যে এক জন তরুণীর পূর্বপরিচিত। নির্যাতিতাকে কোনও মাদক সেবন করানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতকে জেরা করে বাকি অভিযুক্তদের হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।
