ওঙ্কার ডেস্ক: নিরাপত্তাবাহিনীর ঘেরাটোপের মধ্যে পড়ে প্রাণ হারালেন লশকর-এ-তৈবার শীর্ষ জঙ্গি লতিফ ভাট। সূত্রের খবর, তিনি এক ধর্মীয় স্থানের ভিতরে গা ঢাকা দিয়েছিলেন। সেখান থেকেই ভিডিয়ো কলের মাধ্যমে তাঁকে অস্ত্র নামিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু সেই আহ্বানে তিনি কর্ণপাত করেননি।
১১ নভেম্বর কুলগামে সিআরপিএফের একটি তল্লাশি চৌকিতে জঙ্গি হামলার পর থেকেই এলাকাজুড়ে চিরুনি তল্লাশি শুরু করে জম্মু-কাশ্মীর পুলিশ, সেনা ও সিআরপিএফ। ওই হামলার নেপথ্যে লতিফের হাত রয়েছে বলে তদন্তে উঠে আসে। তথ্যঅনুযায়ী, হামলার আগের দিন, ১০ নভেম্বর লতিফ ও তাঁর সঙ্গী নিসার দারকে কুলগামের মীর বাজার, অখরান, হবলিশ ও কিলম-সহ একাধিক জায়গায় একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। পরদিনই অখরানে সিআরপিএফ শিবিরে হামলা হয়। শিবিরের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে দু’জনের গতিবিধি শনাক্ত করে বাহিনী। হামলার পর কোন পথে তাঁরা সরে পড়েছিলেন, তাও ফুটেজ থেকে স্পষ্ট হয়।
গোপন খবর পেয়ে গত সোমবার কুলগামের লারুতে লতিফ ও নিসারকে ধরতে অভিযানে নামে বাহিনী। তাঁদের ঘিরে ফেলার চেষ্টা হতেই জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশনস গ্রুপ ও সেনার সঙ্গে গোলাগুলি শুরু হয়। সেই সংঘর্ষে প্রাণ যায় নিসারের। তবে হামলার মূল পরিকল্পনাকারী হিসাবে চিহ্নিত লতিফ তখন ধরা পড়েননি। এক সূত্রের দাবি, ওই সংঘর্ষে লতিফ আহত হয়েছিলেন। তা সত্ত্বেও বাহিনীর নজর এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হন তিনি।
এরপর টানা দু’দিন ধরে নানা জায়গায় লতিফকে খুঁজতে তল্লাশি চালানো হয়। গোপন সূত্রের খবরে বুধবার ভোর থেকে অভিযান আরও জোরদার হয়। পুলিশের দাবি, অভিযানের চাপে ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়েন ২৩ বছরের লতিফ। জাঙ্গালগাম গ্রামের একটি মসজিদে তিনি লুকিয়ে রয়েছেন, তা নিশ্চিত হয় বাহিনী। জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ২টা ৪৫ মিনিটে ওই মসজিদে প্রবেশ করেন লতিফ।
এরপরই মসজিদটি ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। শুধু তা-ই নয়, গোটা গ্রাম ও আশপাশের এলাকায় নিরাপত্তা আরও কড়া করা হয়। লতিফ যাতে কোনওভাবেই বেরিয়ে পালাতে না পারেন, সেদিকে নজর রাখা হয়েছিল। তবে অভিযানের আগে তাঁকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়। কিন্তু তিনি সেই অনুরোধ গ্রহণ করেননি। জানিয়ে দেন, গুলির লড়াইয়ে মৃত্যু হলেও তিনি খুশি থাকবেন। ঈশ্বরের কাছে পৌঁছতে চান বলেও মন্তব্য করেন তিনি।
আত্মসমর্পণের প্রস্তাব নাকচ হওয়ার পর মসজিদের দিকে ধীরে ধীরে এগিয়ে যায় বাহিনী। কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়। বাহিনীকে এগিয়ে আসতে দেখে গুলি চালাতে শুরু করেন লতিফ। পাল্টা গুলি চালায় বাহিনীও। শেষ পর্যন্ত ওই সংঘর্ষেই মৃত্যু হয় লশকর কমান্ডারের।