ওঙ্কার ডেস্ক: রবিবার গভীর রাতে মাঝরাতে কেঁপে উঠল মধ্যমগ্রাম। স্থানীয় হাইস্কুলের গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণে গুরুতর আহত হয়ে প্রাণ হারালেন উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দ মিশ্র নামে এক যুবক। সূত্রের খবর, ব্যাগ হাতে ওই যুবক স্কুলের গেটের সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎই সেই ব্যাগ থেকে প্রবল বিস্ফোরণ ঘটে।প্রথমে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবনতি হওয়ায় কলকাতায় রেফার করা হলেও সোমবার সকালে মৃত্যু হয় তাঁর।
বিস্ফোরণের ঘটনায় এলাকায় মুহূর্তে্র মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় মধ্যমগ্রাম থানার পুলিশ। রাতেই উপস্থিত হন বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস ও এসডিপিও অজিঙ্কা অনন্ত বিদ্যাগর। এলাকা ঘিরে ফেলে শুরু হয় তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণস্থল থেকে একটি ব্যাগ ও মোবাইল চার্জার-সহ কিছু ইলেকট্রনিক্স সামগ্রী এবং জামাকাপড় উদ্ধার হয়েছে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, ব্যাগের ভেতরেই বোমা ছিল, যা বিস্ফোরিত হয়ে দুর্ঘটনা ঘটায়।
ঘটনার গুরুত্ব বুঝে এলাকা ঘিরে ফেলা হয়েছে। বম্ব ডিসপোজাল টিমকেও ডাকা হয়েছে। পুলিশের আশঙ্কা, ঘটনাস্থলে এখনও বিস্ফোরক ভগ্নাংশ থাকতে পারে। তাই সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মধ্যমগ্রামে এ ধরনের বিস্ফোরণ এর আগে শোনা যায়নি। জনবহুল এলাকায় এহেন ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও মন্তব্য করা সম্ভব নয়। তদন্তে এবার ঘটনাস্থলে ফরেন্সিকের প্রতিনিধি দল ও অ্যাডিশনাল বারাসাত সাথে এসডিপিও বারাসাত।
