ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা ঘিরে সরগরম দেশের রাজনীতি। আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। তার আগে সোমবার দলীয় সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই বৈঠক থেকে দলনেত্রী সাংসদদের নির্দেশ দিতে পারেন সংসদে মোদী সরকারকে চাপে ফেলতে পালনীয় কর্তব্য নিয়ে। পাশাপাশি এসআইআর নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, দলের ৪ হাজারেরও বেশি নেতাকে নিয়ে ৫ অগস্ট ইতিমধ্যে ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সমস্ত জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক, পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের ওই বৈঠকে সামিল হতে বলা হয়েছে। পর পর দু দিন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এবং সেকেন্ড ইন কম্যান্ডের এই বৈঠক ঘিরে জোড়াফুল শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।
বছর ঘুরলেই যেহেতু রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই তার আগে ঘুঁটি সাজাতে চাইছে শাসকদল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেই লক্ষ্যেই ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ‘আমাদের পাড়া, আমাদের সমাধান নামে’ নয়া সরকারি কর্মসূচির ঘোষণা করেছেন। এই কর্মসূচির আওতায় রাজ্যের ৮০ হাজার বুথে উন্নয়ন পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বুথ পিছু ১০ লক্ষ টাকা করে বরাদ্দের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
