নিজস্ব সংবাদদাতা : দেশের বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার ও নিগ্রহ করা হচ্ছে বলে অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস। সম্প্রতি দিল্লিতে কাজে যাওয়া বাঙালি শ্রমিক পরিবারের এক মহিলা ও শিশুকে দিল্লি পুলিশ মারধর করেছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অভিযোগ অস্বীকার করে সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন দিল্লি পুলিশের ডিএসপি (পূর্ব) অভিষেক ধনিয়া। সাংবাদিকদের সামনে দিল্লি পুলিশের তরফে জানানো হয়, ওই অভিযোগ ভিত্তিহীন। মঙ্গলবার দিল্লি পুলিশের সেই দাবিকে চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী।
বীরভূমের ইলামবাজারের সরকারি কর্মসূচি থেকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি সোমবার ওই বাচ্চাটার কথা বলেছিলাম। একটার পর একটা থানায় ওদের নিয়ে যাওয়া হয়েছে। আমি কালকেই মিটিংয়ে বলেছিলাম। রেকর্ড চেক করুন। বলেছিলাম ওদের থ্রেট করা হবে। হয়েছে সেটাই। আমরা চাইব, তাঁরা যাতে ফিরে আসেন। আর কে সত্যি, কে মিথ্যা তা প্রমাণ হয়ে যাবে।’
এদিকে দিল্লির পুলিশ সাংবাদিক বৈঠকে জানায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে পোস্ট করার পর তদন্ত শুরু করি আমরা। সংশ্লিষ্ট মহিলা আমাদের কাছে দাবি করেন, ২৬ জুলাই রাত সাড়ে ১০টা নাগাদ সাদা পোশাকে দিল্লি পুলিশের চার জন কর্মী তাঁদের বাড়িতে এসে তাঁদেরকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। তাঁদের কাছ থেকে ২৫ হাজার টাকা চাওয়া হয় বলে অভিযোগ। মারধরও করা হয়। এর পর পুলিশকর্তা জানান, ওই মহিলার দাবি ভিত্তিহীন।
