ওঙ্কার ডেস্ক: কিশোরদের মগজধোলাই করে আত্মঘাতী হামলার জন্য তৈরি করা হতো। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত সন্দেহে উত্তরপ্রদেশের মিরাট থেকে এক যুবককে আটক করল পুলিশ। ধৃতের নাম উজেইদ কুরেশি। সোমবার, ২৩ নভেম্বর তাঁর ঠাকুমার বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পুলিশের দাবি, গত কয়েক মাস ধরে পালিয়ে বেড়াচ্ছিল সে।
তদন্তকারীদের সন্দেহ, ১৪ থেকে ১৮ বছর বয়সি কিশোরদের নিশানা করেছিল এই জঙ্গি মডিউল। তাদের উগ্রপন্থী মতাদর্শে প্রভাবিত করে আত্মঘাতী হামলার জন্য নিয়োগ করার পরিকল্পনা ছিল। এই চক্রের মূল মাথা হিসেবে উজেইদকে সন্দেহ করছে পুলিশ। মিরাটের পুলিশ সুপার (সিটি) বিনায়ক গোপাল ভোসালে জানিয়েছেন, পাকিস্তানভিত্তিক শাহজাদ ভাট্টি অপরাধচক্রের সঙ্গে এই নেটওয়ার্কের যোগ থাকতে পারে। তদন্তে আরও তিন পাকিস্তানি নাগরিকের নাম উঠে এসেছে। তাঁরা পাক অধিকৃত কাশ্মীরে (পিওকে) বসে এই নেটওয়ার্ক পরিচালনায় যুক্ত ছিলেন বলে সন্দেহ।
পুলিশের দাবি, গত বছরই এই চক্র আত্মঘাতী হামলার ছক কষেছিল। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই দু’জন সদস্য গ্রেপ্তার হওয়ায় সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকেই উজেইদ পলাতক ছিলেন। গত বছর দায়ের হওয়া একটি জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত মামলায় জম্মু-কাশ্মীর পুলিশও তাঁকে খুঁজছিল। তদন্তে জানা গিয়েছে, ২০২৫ সালের ২৭ নভেম্বর ১৯ বছর বয়সি মহম্মদ সাজিদকে গ্রেপ্তার করেছিল জম্মু-কাশ্মীর পুলিশ। তরুণদের উগ্রপন্থায় প্রভাবিত করা এবং জঙ্গি কার্যকলাপে নিয়োগের চেষ্টার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। নিরাপত্তারক্ষীদের নিশানা করে আত্মঘাতী হামলার পরিকল্পনাও করছিলেন বলে অভিযোগ। চিকিৎসাবিদ্যার প্রবেশিকা পরীক্ষা নিটের প্রস্তুতি নিচ্ছিলেন সাজিদ। তদন্তকারীদের দাবি, তিনি শাহজাদ ভাট্টি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখতেন।