ওঙ্কার ডেস্ক: সাভারকরকে নিয়ে মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘বিলঙ্গিং: এ জার্নি অফ লাভ’-এ বিনায়ক দামোদর সাভারকর সম্পর্কে লেখা কয়েকটি বক্তব্যের বিরুদ্ধে সরব হল তাঁর পরিবার। বইয়ের বক্তব্যকে মিথ্যা ও ইতিহাসবিরোধী বলে দাবি করেছেন সাভারকরের প্রপৌত্র সত্যকি সাভারকর। ইতিমধ্যেই আইনজীবীর মাধ্যমে সোনিয়াকে আইনি নোটিস পাঠিয়েছেন তিনি। পাশাপাশি বইয়ের বিতর্কিত অংশ সংশোধন এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় আদালতে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন।
সোনিয়ার বইয়ের ২০১ ও ৪৪৩ নম্বর পাতায় থাকা দুটি বক্তব্য নিয়ে আপত্তি তুলেছে সাভারকর পরিবার। ২০১ নম্বর পাতায় লেখা হয়েছে, স্বাধীনতা সংগ্রামের সময় কংগ্রেস নেতারা যখন ব্রিটিশদের হাতে অত্যাচারিত হচ্ছিলেন এবং কারাবন্দি হচ্ছিলেন, তখন সাভারকরের মতো আরএসএসের প্রবীণ নেতারা ব্রিটিশ শাসকদের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখছিলেন। তাঁদের সংগঠনের সদস্যরা ঔপনিবেশিক শাসকদের কাছে খবরও পৌঁছে দিতেন বলে উল্লেখ রয়েছে বইয়ে। অন্যদিকে, ৪৪৩ নম্বর পাতায় সাভারকরকে মহাত্মা গান্ধীর সমসাময়িক নেতা এবং হিন্দুত্ব মতাদর্শের প্রতিষ্ঠাতা হিসেবে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তিনি এমন এক ভারতের স্বপ্ন দেখতেন, যেখানে হিন্দুরাই সর্বোচ্চ অবস্থানে থাকবে। এই চিন্তাধারাকেই আরএসএস, বিজেপি এবং সংঘ পরিবারের আদর্শগত ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে।
সাভারকরের পরিবারের দাবি, বইয়ের এই বক্তব্যগুলি সম্পূর্ণ বিভ্রান্তিকর। বিশেষ করে ২০১ নম্বর পাতার বিবরণ থেকে পাঠকদের মনে এমন ধারণা তৈরি হতে পারে যে, সাভারকর অন্য স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে ব্রিটিশদের কাছে গোপন তথ্য সরবরাহ করতেন। এমনকি স্বাধীনতা আন্দোলনকে দুর্বল করতে ঔপনিবেশিক শাসকদের সঙ্গে সহযোগিতা করেছিলেন বলেও মনে হতে পারে। সত্যকি সাভারকরের অভিযোগ, কোনও যথাযথ ঐতিহাসিক প্রেক্ষাপট ছাড়াই এই ধরনের মন্তব্য করা হয়েছে। সেলুলার জেলে সাভারকরের বন্দিজীবনের কঠিন পরিস্থিতি ও শারীরিক যন্ত্রণার বিষয়টিও উপেক্ষা করা হয়েছে। একইভাবে, ৪৪৩ নম্বর পাতায় তাঁর রাজনৈতিক দর্শনকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।