ওঙ্কার ডেস্ক: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন তাঁর ছেলে তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, রাজীবের নিরাপত্তা তুলে নেওয়ার পিছনে নির্দিষ্ট উদ্দেশ্য ছিল। এটি নিছক কোনও প্রশাসনিক ভুল বা দুর্ঘটনা ছিল না। বরং পরিকল্পনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বাবার নিরাপত্তা প্রত্যাহারের নেপথ্যে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন রাহুল।
সম্প্রতি সমাজমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেন কংগ্রেস নেতা। সেখানে মা সোনিয়া গান্ধী এবং বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরার সঙ্গে কথোপকথনে অংশ নিতে দেখা যায় তাঁকে। সোনিয়ার সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘বিলঙ্গিং: এ জার্নি অফ লাভ’ ঘিরেই ছিল এই আলোচনা। সেই কথোপকথনেই উঠে আসে রাজীব গান্ধীর জীবনের শেষদিকের কিছু স্মৃতি। ভিডিওতে সোনিয়া জানান, বিরোধী দলনেতা থাকাকালীন রাজীব গান্ধী খোলা জিপে চেপে বিভিন্ন এলাকায় প্রচারে যেতেন। সেই সময় তাঁকে বিক্ষোভ এবং পাথর ছোড়ার মতো ঘটনার মুখোমুখি হতে হয়েছিল। এমনই একটি বিহার সফরের সময় উদ্বেগ চরমে পৌঁছেছিল বলে জানান তিনি।
সোনিয়ার স্মৃতিচারণ অনুযায়ী, ওই সফরে বাবার সঙ্গে ছিলেন রাহুলও। বাড়ি ফিরে মাকে নিজের আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি। রাহুল বলেছিলেন, বাবার নিরাপত্তা নিয়ে দ্রুত ব্যবস্থা না নিলে খুব শীঘ্রই তাঁর শেষকৃত্যে যোগ দিতে হতে পারে। সোনিয়া আরও দাবি করেন, রাজীবের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল যাতে তাঁকে হত্যা করা সম্ভব হয়। তাঁর কথায়, নিরাপত্তা তুলে নেওয়ার সিদ্ধান্ত কোনও আকস্মিক ঘটনা ছিল না। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তা করা হয়েছিল। মায়ের এই বক্তব্যের পাশাপাশি নিজের পোস্টেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন রাহুল। তিনি লেখেন, বাবার নিরাপত্তা প্রত্যাহারের পিছনে উদ্দেশ্য ছিল। ২০০৪ সালের একটি সিদ্ধান্তে কেউ কেউ স্বস্তি পেয়েছিলেন, আবার অন্যদের মধ্যে আনন্দ দেখা গিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। যদিও ওই সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা দেননি কংগ্রেস নেতা।
রাহুল আরও জানিয়েছেন, মায়ের সঙ্গে বসে পুরনো স্মৃতিগুলি নিয়ে আলোচনা করেছিলেন তিনি ও প্রিয়াঙ্কা। সেই স্মৃতিচারণে ফিরে এসেছিল পরিবারের আনন্দ, হাসি এবং যন্ত্রণার মুহূর্তগুলি। তাঁর মতে, সোনিয়ার জীবন ভালোবাসা ও ভয়াবহ শোকের অভিজ্ঞতায় ভরা। প্রতিটি পরিস্থিতি তিনি অসাধারণ ধৈর্য ও সাহসের সঙ্গে সামলেছেন। উল্লেখ্য, ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে ভয়াবহ বোমা বিস্ফোরণে মৃত্যু হয় রাজীব গান্ধীর। তার আগে ১৯৮৯ সালে ভি পি সিংয়ের নেতৃত্বাধীন সরকার বিদায়ী প্রধানমন্ত্রী রাজীবের স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) নিরাপত্তা প্রত্যাহার করেছিল।