অর্পিতা মুখার্জী, কলকাতা: দীপাবলির ঠিক আগে, ভয়াবহ আগুন লাগল দিল্লির বিখ্যাত গফফর মার্কেটে। শুক্রবার ভোর রাতে চারতলা বাণিজ্যিক ভবনে আগুন লাগায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ধনতেরসের আগেই এই ঘটনায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। সূত্রের খবর, আগুন নেভাতে ঘটনাস্থলে ২০ থেকে ২৫টি দমকলের ইঞ্জিন পাঠান হয়। এখনও পর্যন্ত ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১টা ২৮ মিনিট নাগাদ করোলবাগ থানায় পিসিআর কল আসে। চেন ওয়ালি গলিতে আগুন লেগেছে বলে খবর দেওয়া হয়। থানার এসএইচও-সহ নাইট স্টাফ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন। দেখা যায়, পুরী প্লাজা নামে চারতলা ভবনের ১৩/২১ নম্বর দোকানে আগুন লেগেছে। ওই ভবনে মোবাইলের সরঞ্জাম মজুত ছিল বলে খবর। প্রাথমিক তদন্তে অনুমান, নীচতলার একটি দোকানে রাখা মোবাইল ব্যাটারি থেকে প্রথমে আগুন লাগে। সেখান থেকে দ্রুত তা ছড়িয়ে পড়ে গোটা ভবনের চারটি তলাতেই।
আগুন নেভাতে দমকলের পাশাপাশি ঘটনাস্থলে ছিল ৩টি ক্যাট অ্যাম্বুল্যান্স এবং ২টি পিসিআর ভ্যান। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ওভারচার্জিং থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
দমকল বিভাগ এবং ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির দলও ভবনটি পরীক্ষা করে দেখবে, অন্য কোনও দাহ্য পদার্থ আগুন ছড়াতে সাহায্য করেছে কি না। এছাড়া ভবনটি এখন কতটা নিরাপদ, তা জানতে দিল্লি পুরনিগমের কাছ থেকে স্ট্রাকচারাল সেফটি সার্টিফিকেট নেওয়া হবে। তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ করবে পুলিশ। আপাতত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে। আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ।