ওঙ্কার ডেস্ক: মহাশিবরাত্রিতে মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করে নির্দেশিকা জারি করল বেঙ্গালুরুর প্রশাসনিক সংস্থা। বৃহস্পতিবার গ্রেটার বেঙ্গালুরু অথোরিটির তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। ওই দিন পশু হত্যা এবং মাংস বিক্রি করা যাবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মহাশিবরাত্রিতে গ্রেটার বেঙ্গালুরু অথোরিটি-এর আওতায় থাকা দোকানগুলিতে মাংস বিক্রি সম্পূর্ণ রূপে নিষিদ্ধ থাকবে। এটি আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক সংস্থার পশুপালন বিভাগের ডেপুটি ডিরেক্টরের তরফে জারি করা হয়েছে। কর্তৃপক্ষ মাংস বিক্রেতাদের পাশাপাশি নাগরিকদেরও এই নির্দেশ মেনে চলতে এবং সহযোগিতা করতে অনুরোধ করেছে। ১৫ ফেব্রুয়ারি সারা দিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয়েছে।
গ্রেটার বেঙ্গালুরু অথোরিটির তরফে এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘পশু হত্যা এবং মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা ১৫-০২-২০২৬ (রবিবার)। মহাশিবরাত্রি উপলক্ষে, গ্রেটার বেঙ্গালুরু অথোরিটি-এর আওতাধীন কসাইখানায় পশু হত্যা এবং দোকানগুলিতে মাংস বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এই নির্দেশিকা জিবিএ-এর পশুপালন বিভাগের ডেপুটি ডিরেক্টর কর্তৃক জারি করা হয়েছে। নাগরিক এবং মাংস বিক্রেতাদের সহযোগিতা করার এবং নির্দেশ মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।’
