নিজস্ব সংবাদদাতা: পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখনও উত্তপ্ত। ইজরায়েল, আমেরিকা ও ইরানের সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি ও সারের সঙ্কট চলছে। সেই সুযোগ নিয়ে দেশে বিরোধীরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার গুজরাতের বনাসকাঁঠায় এক জনসভায় মোদী বলেন, পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ যাতে ভারতে না লাগে, তার জন্য তাঁর সরকার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু বিরোধীরা চক্রান্ত চালাচ্ছে।
প্রধানমন্ত্রীর অভিযোগ, সরকারের বদনাম করতেই বিরোধীরা উঠেপড়ে লেগেছে। বিদেশের যুদ্ধ পরিস্থিতিকে হাতিয়ার করে জ্বালানি ও সারের দাম নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে।
মোদী বলেন, দেশের প্রত্যেক নাগরিক যখন ভারতকে উন্নত রাষ্ট্র করার জন্য কাজ করছেন, তখন কিছু মানুষের তা পছন্দ হচ্ছে না। তারা দেশকে কঠিন পরিস্থিতিতে দেখতে চান। দেশ বিপদে পড়লে খুশি হন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে গোটা দেশ যখন অনিশ্চয়তায়, তখন সার ও গ্যাসের সঙ্কট নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, শুধুমাত্র তাঁকে ছোট করার জন্য।
কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে মোদী জানান, যুদ্ধের প্রভাব থেকে দেশকে বাঁচাতে সরকার কোটি কোটি টাকা খরচ করেছে। বিশ্ববাজারে সারের দাম বাড়লেও তার চাপ কৃষকদের উপর পড়তে দেওয়া হয়নি। এর জন্য ১৬ লক্ষ কোটি টাকা খরচ করা হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইজরায়েলের যৌথ বাহিনী ইরানে হামলা চালালে পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়ে। এখনও সংঘাত চলছে। হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে, পাল্টা ইরানের জাহাজের উপর অবরোধ চালাচ্ছে আমেরিকা। এর জেরে জ্বালানির জোগানে ঘাটতি ও দাম বৃদ্ধি হয়েছে। প্রধানমন্ত্রী দাবি করেন, সেই আন্তর্জাতিক সঙ্কটের প্রভাব দেশের বাজারে পড়তে দেননি তিনি।