ওঙ্কার ডেস্ক: সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণ নিয়ে ফের বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুরে এক ভিডিয়ো বার্তায় তিনি জানান, নারীশক্তিকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে তাঁর সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এটা শুধু সময়ের অপেক্ষা বলেই মন্তব্য করেন তিনি।
আগামী সোমবার থেকে সংসদের বাদল অধিবেশনের বর্ধিত পর্ব শুরু হচ্ছে। সূত্রের খবর, এই পর্বে সংবিধানের ১৩১তম সংশোধনী বিল পাস করানোর চেষ্টা করতে পারে কেন্দ্র। এই বিলে লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে এবং আসন পুনর্বিন্যাস করে মহিলা সংরক্ষণ চালু করার প্রস্তাব রয়েছে। অধিবেশনের ঠিক আগে প্রধানমন্ত্রীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
নিজের এক্স হ্যান্ডলে ৫৩ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেন মোদী। সেখানে তিনি বলেন, মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ নিশ্চিত করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। দশকের পর দশক ধরে এই দাবিতে লড়াই চলছে। যাঁরা এই লড়াই করেছেন, তাঁদের মধ্যে তিনিও একজন বলে দাবি করেন প্রধানমন্ত্রী।
মোদী আরও বলেন, নারীশক্তির সম্পূর্ণ আশীর্বাদ তাঁদের উপর রয়েছে। প্রত্যেক মহিলাকে তিনি কথা দিয়েছেন, মহিলা সংরক্ষণের পথে যত বাধাই আসুক, সব পেরিয়ে যাওয়া হবে। যে দলগুলি এই সংরক্ষণের বিরোধিতা করছে, তারা দেশের মহিলাদের সংসদ ও বিধানসভায় নিজেদের প্রতিনিধিত্ব বাড়ানো থেকে আটকাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, তিন বছর আগেই মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধানের ১০৬তম সংশোধনী বিল সংসদের দুই কক্ষেই পাস হয়েছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দলের সমর্থন নিয়েই নারী শক্তি বন্দন অধিনিয়ম পাস করিয়েছিল কেন্দ্র। সেই আইনে লোকসভার বর্তমান ৫৪৩টি আসনের এক-তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষিত করার কথা ছিল। কিন্তু সংসদে পাস হওয়ার তিন বছর পেরিয়ে গেলেও তা এখনও কার্যকর হয়নি।