ওঙ্কার ডেস্ক: বাড়ির বাইরে খেলতে খেলতে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল ৩ বছরের শিশুকন্যা। শেষে অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হয় তার রক্তাক্ত নিথর দেহ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, তন্ত্র সাধনার জন্য ওই শিশুকে খুন করা হয়ে থাকতে পারে।
শনিবার সকালে উত্তরপ্রদেশের বুলন্দশহরের ভূদ এলাকায় বাড়ির বাইরে খেলতে গিয়েছিল একরত্তি ভানিয়া। বেলা ১১টা নাগাদ হঠাৎই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানায় পরিবার। গোটা এলাকায় শুরু হয় খোঁজ। কিন্তু আত্মীয়স্বজন, পরিচিতদের ফোন করেও কোনও খোঁজ না মেলায় শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয় পরিবার।
পুলিশ একাধিক দল গঠন করে তদন্ত শুরু করে। প্রথমেই আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। বুলন্দশহরের এসএসপি দীনেশ কুমার জানান, ফুটেজ দেখে মনে হয়েছিল শিশুটি বাড়ি থেকে খুব দূরে যায়নি। সেই সূত্র ধরেই আশপাশের বাড়িগুলিতে তল্লাশি শুরু হয়।
শিশুটির কাকা অঙ্কিত জানান, পুলিশ স্নিফার ডগ নিয়ে এসেছিল। শিশুর একটি জামার গন্ধ শোঁকানো হয় কুকুরটিকে। তারপরই কুকুরটি প্রতিবেশীর একটি বাড়ির দিকে এগিয়ে যায়। এরপর সেই বাড়ির ভিতর থেকেই একটি বস্তার মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় ভানিয়াকে।
থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত কুমার উপাধ্যায় জানান, শিশুটির মুখে কাপড় গোঁজা ছিল। হাতে কাটা দাগ ছিল। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, যে মহিলার বাড়ি থেকে শিশুর দেহ উদ্ধার হয়েছে, তিনি তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত ছিলেন। শিশুটিকে তন্ত্র সাধনার জন্যই খুন করা হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এসএসপি দীনেশ কুমার জানান, ওই মহিলাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিশুর দেহ উদ্ধারের পরই পরিবারের লোকজন বিক্ষোভ দেখান। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুনের পিছনে আসল উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখছে পুলিশ।