ওঙ্কার ডেস্ক: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল। এবার সরাসরি রাজ্য সরকারের কাছে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। বর্তমানে কলকাতা পুরসভায় কোনও নির্বাচিত বোর্ড নেই। পুরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হয়েছে। এই পরিস্থিতিতে পুরসভার সুপারিশের ভিত্তিতে কী ভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হল? সোমবার এই প্রশ্নই তুলল প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।
কলকাতা পুরসভার ভোট ঘোষণা নিয়ে গত ৬ নভেম্বর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলা সিঙ্গল বেঞ্চে বিচারাধীন। সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোট ঘোষণা করা যাবে না। হাই কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। কলকাতা পুরসভার তরফেও পৃথক আবেদন জমা পড়ে শীর্ষ আদালতে।
সোমবার দুপুর সাড়ে ১২টার কিছু পরে মামলাটির শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে শুনানি হয়। রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। শুনানিতে তুষার মেহতা জানান, হাই কোর্টে দায়ের হওয়া মামলায় কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্তকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়নি। মূল আপত্তি ছিল ওয়ার্ডগুলির সীমানা নির্ধারণের পদ্ধতি নিয়ে। তাঁর বক্তব্য, পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পুর কমিশনার স্মিতা পাণ্ডে নিজের সিদ্ধান্তে এই কাজ করেননি।
এ প্রসঙ্গে গত ১০ সেপ্টেম্বরের একটি চিঠির কথাও আদালতে তুলে ধরেন রাজ্যের আইনজীবী। তাঁর দাবি, ওই চিঠিতে পুর কমিশনার স্পষ্ট জানিয়েছিলেন, রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিবের নির্দেশ মেনেই চূড়ান্ত সুপারিশ এবং সংশোধিত খসড়া সরকারের বিবেচনার জন্য পাঠানো হচ্ছে।
ওয়ার্ড পুনর্বিন্যাসের আগে সাধারণ মানুষের আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছিল বলেও আদালতে দাবি করে রাজ্য। তুষার মেহতা জানান, আপত্তি শোনার জন্য ১০ জন আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছিল। মোট ২৮৫টি শুনানির নোটিস পাঠানো হয়। পাশাপাশি দু’বার আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছিল। এই প্রক্রিয়ায় সর্বদলীয় বৈঠকও হয়। গোটা কাজ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি। তবে শুনানির সময় রাজ্যের বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি জয়মাল্য বাগচী। তাঁর প্রশ্ন, কলকাতা পুরসভা যদি ভেঙে দেওয়া হয়ে থাকে এবং সেখানে নির্বাচিত বোর্ডের অস্তিত্ব না থাকে, তাহলে সেই সংস্থার কাছ থেকে কী ভাবে ৬০১ নম্বর ধারা অনুযায়ী সুপারিশ পাওয়া সম্ভব? যে পুরসভার নির্বাচিত কাঠামোই নেই, তার সুপারিশের ভিত্তিতে রাজ্য কী ভাবে ওয়ার্ড পুনর্বিন্যাসের আইনি ক্ষমতা প্রয়োগ করতে পারে, তা নিয়েও প্রশ্ন ওঠে। মামলার পরবর্তী শুনানি বুধবার।