ওঙ্কার ডেস্ক: নবমীর রাতে কলকাতা শহরে ঠাকুর দেখতে হলে বৃষ্টির আশঙ্কাকে সঙ্গী করেই বেরোতে হবে। কারণ আলিপুর আবহাওয়া দফতরের তরফে এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে, অষ্টমীর বিকেলেই অর্থাৎ মঙ্গলবার মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। নবমী থেকে তা ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপান্তরিত হবে। দশমীর দিন ২ অক্টোবর তা গভীর নিম্নচাপে পরিণত হবে। যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। মনে করা হচ্ছে ৩ অক্টোবর অর্থাৎ একাদশীর সকালে দক্ষিণ ওড়িশা–উত্তর অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে সেটি। বুধবার নবমীতে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। বৃহস্পতিবার দশমীর দিন এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩ অক্টোবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
উল্লেখ্য, পুজোর মরসুমে ষষ্ঠী ও সপ্তমীতে মোটামুটি শুকনো আবহাওয়া থাকলেও অষ্টমীর দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে বুধবার নবমীর দিনে বৃষ্টি কিছুটা বাড়বে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎও হতে পারে। দশমীর দিনে দার্জিলিং-সহ পার্বত্য ৫ জেলায় দুর্যোগ বাড়বে।
