ওঙ্কার ডেস্ক: আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এবং আহতদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল প্রধানমন্ত্রীর দফতর। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। প্রত্যেক নিহতের পরিবারকে এই ক্ষতিপূরণ দেওয়া হবে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েক জনের খোঁজ পাওয়া যায়নি। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর অফিসের তরফে এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। সেই সঙ্গে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি আনন্দপুরের নাজিরাবাদে মোমো তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার পর্যন্ত উদ্ধারকাজে ২৭ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও ধ্বংসস্তূপের মধ্যে আটকে বেশ কয়েকজন। ইতিমধ্যে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন। বৃহস্পতিবার তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। এর পর শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দফতর থেকে এক্স হ্যান্ডলে পোস্ট করে হতাহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হল।
