ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ভারতের পণ্যের উপর ৫০ শতাংশ হারে শুল্ক চাপানো হয়েছে। যার পর থেকে বিশ্ব বাণিজ্য মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই আবহে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিনের তিয়ানজিনে সেই সম্মেলনের ফাঁকে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মোদী। ট্রাম্প প্রশাসনের চাপ সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কেনা ভারত বন্ধ করেনি। ট্রাম্পের চোখ রাঙানি যে ভারত পাত্তা দিচ্ছে না, এদিনের বৈঠকের পর দুই রাষ্ট্রনেতার কথায় তা আরও এক বার স্পষ্ট হয়ে গেল।
এসসিও সম্মেলনের ফাঁকে প্রায় এক ঘণ্টা ধরে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, নিজের গাড়িতে করে মোদীকে হোটেলে পৌঁছে দিয়েছেন পুতিন। প্রায় ৪৫ মিনিট ধরে গাড়িতে দু জনের কথা হয়েছে। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘ভারত ও রাশিয়া সবসময় একসঙ্গে থেকেছে। আমাদের সহযোগিতা শুধু দুই দেশের জন্য নয়, গোটা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ।’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সূত্রের খবর, আগামী ডিসেম্বরেই ভারত সফরে আসতে পারেন পুতিন।
অন্য দিকে রুশ প্রেসিডেন্টও মোদীকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেছেন। তিনি বলেন, ‘নয়াদিল্লি ও মস্কোর সম্পর্ক বহু দশক ধরে আস্থার ওপর দাঁড়িয়ে আছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কও ইতিবাচক গতিতে এগোচ্ছে।’ মোদী ও পুতিন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করেন। যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারতের প্রস্তাবকে রুশ প্রেসিডেন্ট স্বাগত জানান।
