ওঙ্কার ডেস্ক: প্রবল বৃষ্টি ও ধসের ফলে বিপর্যস্ত দার্জিলিং-সহ পার্বত্য এলাকা। ইতিমধ্যে কম করে ১৭ জনের মৃত্যু হয়েছে। এই আবহে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
রবিবার নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘দার্জিলিংয়ে সেতু দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন—এই কামনা করি। প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের প্রেক্ষিতে দার্জিলিং ও আশেপাশের এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য সমস্ত সম্ভাব্য সহায়তা প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ উল্লেখ্য, শনিবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য অঞ্চলে। সেই বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। বহু জায়গায় ধস নেমেছে। এর ফলে একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তিস্তা নদীর জল জাতীয় সড়কের উপরে উঠে এসেছে। দুর্যোগ কবলিত দার্জিলিঙে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জনের। এই পরিস্থিতিতে সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী।
অন্য দিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গোটা বিষয়টির উপর নজর রাখছেন। উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই তিনি শিলিগুড়ি যাবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গে যাবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ভুটানে প্রবল বর্ষণের কারণে উত্তরবঙ্গের পরিস্থিতি খারাপ হয়ে উঠেছে। এই বিপর্যয় দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি।
