ওঙ্কার ডেস্ক: রাজস্থানে মৃত্যু হয়েছিল পরিবারের এক সদস্যের। তাঁর দেহ অ্যাম্বুল্যান্সে করে পশ্চিমবঙ্গের কোচবিহারে ফিরিয়ে আনা হচ্ছিল। কিন্তু বাড়ি ফেরা আর হল না পরিবারের বাকি সদস্যদেরও। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অ্যাম্বুল্যান্সে থাকা পাঁচ জন। মৃতদের মধ্যে রয়েছেন একই পরিবারের তিন সদস্য এবং দুই অ্যাম্বুল্যান্স চালক। শনিবার বারাবাঁকি জেলার সুবেহা থানার অন্তর্গত গেঁরোয়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন কোচবিহারের বালাভূর এলাকার বাসিন্দা ৩৮ বছরের আজিজুল হকের দুই ভাই রফিকুল হক ও আমিনুল হক। আজিজুল কাজের সূত্রে রাজস্থানের জয়পুরে গিয়েছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়। ভাইয়ের দেহ বাড়িতে ফিরিয়ে আনতে অ্যাম্বুল্যান্স নিয়ে রাজস্থানে গিয়েছিলেন দুই ভাই। তাঁদের সঙ্গে ছিলেন দু’জন চালক। জানা গিয়েছে, শনিবার অ্যাম্বুল্যান্সে আজিজুলের দেহ নিয়ে কোচবিহারের উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সটি। সংঘর্ষের অভিঘাতে গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। ভেঙে পড়ে জানলার কাচ। ক্ষতিগ্রস্ত হয় পিকআপ ভ্যানটিও।
বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত পৌঁছয় পুলিশ। অ্যাম্বুল্যান্সের ভিতর থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়। প্রত্যেকেই গুরুতর জখম ছিলেন। তাঁদের তড়িঘড়ি হায়দরগড়ের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা পাঁচজনকেই মৃত বলে ঘোষণা করেন। বারাবাঁকির পুলিশ সুপার জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুল্যান্সে দু’জন চালক ছিলেন। পাশাপাশি মৃত ব্যক্তির পরিবারের তিন সদস্যও ছিলেন গাড়িতে। দুর্ঘটনায় কারও প্রাণ রক্ষা হয়নি। ঘটনার পর কোচবিহারে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে সুবেহা থানার পুলিশ। এদিকে দুর্ঘটনার খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে কোচবিহারের বালাভূরে। একদিকে পরিবারের এক সদস্যের মৃত্যু, অন্যদিকে তাঁর দেহ আনতে গিয়ে আরও তিন জনের প্রাণহানি। এই ঘটনায় ভেঙে পড়েছেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা।