ওঙ্কার ডেস্ক: উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে বড়সড় আর্থিক সহায়তার পরিকল্পনা করছে রাজ্য সরকার। স্নাতক স্তরে পড়াশোনা করলেই তিন বছরে মিলতে পারে মোট ৫০ হাজার টাকা। বিএ, বিকম কিংবা বিএসসি-তে ভর্তি হওয়া ছাত্রীরা এই সুবিধা পাবেন বলে জানালেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। শুক্রবার পাণ্ডবেশ্বরের একটি সভা থেকে এই পরিকল্পনার কথা প্রকাশ্যে আনেন তিনি।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মেয়েদের উচ্চশিক্ষার উপর বিশেষ জোর দেন বিধায়ক। তাঁর মতে, শুধু মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করেই পড়াশোনায় ইতি টানা উচিত নয়। প্রত্যেক মেয়েরই স্নাতক ডিগ্রি অর্জন করা প্রয়োজন। জিতেন্দ্র তিওয়ারির দাবি, মুখ্যমন্ত্রীও চান রাজ্যের প্রতিটি মেয়ের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্তর পর্যন্ত পৌঁছক। তবে উচ্চশিক্ষার পথে বড় বাধা হয়ে দাঁড়ায় আর্থিক সমস্যা। অনেক পরিবারের পক্ষেই কলেজে ভর্তি, পড়াশোনা এবং আনুষঙ্গিক খরচ বহন করা কঠিন। ফলে ইচ্ছা থাকলেও বহু ছাত্রী উচ্চশিক্ষা থেকে পিছিয়ে পড়েন। এই সমস্যার সমাধানেই আর্থিক সহায়তার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান বিধায়ক।
জিতেন্দ্র তিওয়ারি জানান, বিএ, বিকম এবং বিএসসি বিভাগে ছাত্রীদের ভর্তি করানোর ক্ষেত্রে এই সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্নাতক স্তরের তিন বছরের পড়াশোনার জন্য মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রথম বর্ষে ১৭ হাজার টাকা পাবেন ছাত্রীরা। দ্বিতীয় বর্ষেও দেওয়া হবে ১৭ হাজার টাকা। তৃতীয় বর্ষে মিলবে বাকি ১৬ হাজার টাকা। বিধায়কের বক্তব্য, অর্থের অভাবে যাতে কোনও ছাত্রীকে উচ্চশিক্ষা ছেড়ে দিতে না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। আর্থিক সহায়তা পেলে মেয়েরা নির্বিঘ্নে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।