ওঙ্কার ডেস্ক: দীর্ঘ তিন চার বছর ধরে সম্পর্ক ছিল। কিন্তু বিয়ের কথা বলতে তরুণীর বাড়ি থেকে রাজি হয়নি। আর এই কারণে ডিনারের জন্য ডেকে প্রেমিকাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করলেন প্রেমিক। ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুতে। ইতিমধ্যে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম অঞ্জলি। ২৩ বছর বয়স তাঁর। কাজের জায়গায় রাজীবের সঙ্গে তাঁর পরিচয় হয়। গত তিন-চার বছর ধরে অঞ্জলি ও রাজীবের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে রাজীবকে পছন্দ করেনি অঞ্জলির পরিবার। সে কারণে তাদের বিয়েতে আপত্তি জানিয়েছিল। পুলিশ জানিয়েছে, রাজীব বারবার অঞ্জলি ও তার পরিবারকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সম্প্রতি পরিবারের চাপে অঞ্জলিও তাকে এড়িয়ে চলতে শুরু করেছিলেন। রবিবার সন্ধ্যায় রাজীব অঞ্জলিকে ডিনারের জন্য ডাকেন। রাত ৯টা নাগাদ সেখানেও বিয়ের প্রসঙ্গ তোলেন রাজীব। যা নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। অঞ্জলি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে রাজীব তার পিছু নেন।
অভিযোগ, সেই সময় পিছন থেকে ছুরি দিয়ে অঞ্জলির ঘাড়ে আক্রমণ করেন। স্থানীয়রা তড়িঘড়ি ওই তরুণীকে দ্রুত উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজীবকে গ্রেফতার করে। ময়নাতদন্তের জন্য অঞ্জলির দেহ হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনা সম্পর্কে জানতে আরও তদন্ত চলছে।