অর্পিতা মুখার্জী, কলকাতা: মেয়ের বিয়েতে কোনও কার্পণ্য রাখছেন না বিহারের বাহুবলী বিধায়ক অনন্ত সিংহ। আগামী ২৫ নভেম্বর তাঁর কন্যা শিবাঙ্গী সিংহের বিয়ে। সেই উপলক্ষে ৪ লক্ষ আমন্ত্রিতের জন্য ভোজের ব্যবস্থা করছেন মোকামার বিধায়ক। এমনকি পাকিস্তানেও গিয়েছে আমন্ত্রণ পত্র। এছাড়াও থাকছে ঘোড়দৌড়ের প্রতিযোগিতাও।
অনন্ত জানিয়েছেন, ঘোড়দৌড়ে যে জিতবেন, তাঁকে দেওয়া হবে মাহিন্দ্রা থার। দ্বিতীয় স্থানাধিকারী পাবেন বাইক। জানা গিয়েছে, মোকামার লাডমা গ্রামে কয়েক একর জমি নিয়ে সাজিয়ে তোলা হচ্ছে বিয়ের অনুষ্ঠানস্থল। বিদেশ থেকে আনা হয়েছে ফুল। বিয়েবাড়ি সাজানোর জন্য উত্তরপ্রদেশ থেকে কর্মীদের মোকামায় আনা হয়েছে। ঘোড়দৌড়ের জন্য আলাদা মাঠও তৈরি রাখা হচ্ছে। তবে পরিবেশের কথা মাথায় রেখে এবারের বিয়েতে কোনও আতশবাজির ব্যবস্থা রাখছেন না অনন্ত।
বিধায়কের দাবি, শুধু বিহার নয়, দেশের বিভিন্ন প্রান্ত এমনকি পাকিস্তানেও আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে। তিনি বলেন, “আমরা সবাইকে আমন্ত্রণ জানাব। বিয়েতে কোনও শাসকদল বা বিরোধী দল থাকে না। এ সব ভাগাভাগি ভোটের সময় দেখা যায়। কিন্তু বিয়ে এবং পারিবারিক অনুষ্ঠানে নয়।”
আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানাতে চান অনন্ত। এছাড়া অভিনেতা সোনু সুদ, সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর, মনোজ তিওয়ারি, ভোজপুরি তারকা পবন সিংহ-সহ বিভিন্ন অভিনেতা এবং শিল্পীকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে তাঁদের মধ্যে কারা উপস্থিত থাকবেন, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, খুনের মামলায় আত্মসমর্পণের জন্য সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা বিয়ের কয়েক দিন পরেই শেষ হচ্ছে। জেডিইউ থেকে বহিষ্কৃত এই বিধায়ক জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে আগামী ১ ডিসেম্বরের মধ্যেই আত্মসমর্পণ করবেন তিনি। তার আগে মেয়ের বিয়েতে জাঁকজমকে কোনও ত্রুটি রাখছেন না বাহুবলী।
প্রসঙ্গত, অনন্তের বিরুদ্ধে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষকে খুনের অভিযোগ রয়েছে। ২০২৫ সালে মোকামা থেকে জেডিইউয়ের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হয়ে প্রচাররত নেতা দুলারচন্দ্র যাদব খুন হন। জন সুরাজ পার্টির প্রার্থীর হয়ে প্রচার করছিলেন দুলার। তাঁর অনুগামীদের সঙ্গে রাস্তার মধ্যে বচসায় জড়িয়ে পড়েছিলেন অনন্তের অনুগামীরা। অভিযোগ, কনভয় থামিয়ে অনন্ত নিজে গাড়ি থেকে নামেন। দুলারকে তাঁর গাড়ি থেকে নামিয়ে প্রথমে পায়ে গুলি করা হয়। তারপর বেধড়ক মারধর করে গাড়ি চাপা দিয়ে খুন করা হয়। ওই ঘটনার পরেই অনন্তকে গ্রেফতার করা হয়েছিল। জেলে বসে ভোটে জেতেন তিনি। সেই ঘটনায় পরে জামিন পেলেও সম্প্রতি সুপ্রিম কোর্ট তা বাতিল করে দেয়।