ওঙ্কার ডেস্কঃ ভোট যত এগিয়ে আসে, ততই ভোটের লড়াইইয়ের কিছুটা সুপ্রিম কোর্টে সেরে নেওয়া হয়। মঙ্গলবার এমন মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। এবছরেই চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন। আসামেও ভোট রয়েছে। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার একটি ভিডিয়ো ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সেই মামলায় বিষয়েই এই মন্তব্য করেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত।
সূত্রের খবর, সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রীর একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওর জন্য বিতর্ক শুরু হলে, সমাজমাধ্যম থেকে তা মুছে ফেলে বিজেপি। তবে বিতর্ক পিছু ছাড়েনি। সেই মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। জনস্বার্থ মামলাও দায়েরের পাশাপাশি হিমন্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কয়েক জন বামপন্থী নেতা।
সিপিআই এবং সিপিএম নেতাদের করা ওই মামলাটি শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তারপরই প্রধান বিচারপতি বলেন, “সমস্যা হল, নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই ভোটের কিছুটা অংশ সুপ্রিম কোর্টেও লড়া হয়ে যায়। এটাই সমস্যা। আমরা বিষয়টি দেখব এবং শুনানির তারিখ জানিয়ে দেব।”
সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলকে দেখা গিয়েছে আদালতকে লড়াইয়ের মঞ্চ হিসাবে ব্যবহার করতে। ‘রাজনীতির যুদ্ধ’-কে বিচারব্যবস্থা থেকে দূরে রাখার জন্য এর আগেও বিভিন্ন সময়ে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।
