ওঙ্কার ডেস্ক: বিহারে ১২৫ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রকল্প ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক। নির্বাচনী ইস্তেহারে এই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি কার্যকরও করেছে সরকার। কিন্তু প্রকল্পের খরচ ক্রমশ বাড়তে থাকায় এবার সচ্ছল পরিবারগুলিকে ভর্তুকির সুবিধা ছেড়ে দেওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরী। তাঁর এই আর্জিকে কেন্দ্র করে সরাসরি বিজেপি ও এনডিএকে নিশানা করেছেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। তাঁর কটাক্ষ, বিনামূল্যে বিদ্যুতের সুবিধা ছেড়ে দেওয়ার বদলে বিজেপির উচিত মানুষের ভোট ফিরিয়ে দেওয়া।
সম্প্রতি বিহারবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রী আবেদন করেন, আর্থিকভাবে স্বচ্ছল পরিবারগুলি যেন ১২৫ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার সুবিধা স্বেচ্ছায় ত্যাগ করে। তাঁর বক্তব্য, যাঁদের বিদ্যুতের বিল মেটানোর সামর্থ্য রয়েছে, তাঁদের এই ভর্তুকি নেওয়ার প্রয়োজন নেই। সচ্ছল গ্রাহকরা সুবিধা ছেড়ে দিলে সরকারের একটা বড় অঙ্কের অর্থ সাশ্রয় হবে। সেই টাকা দরিদ্র মানুষের কল্যাণ এবং রাজ্যের উন্নয়নমূলক কাজে খরচ করা যাবে। এই উদ্যোগ বাস্তবায়নে আগামী ১ ডিসেম্বর থেকে বিশেষ কর্মসূচি শুরু করতে চলেছে বিহার বিদ্যুৎ বিভাগ। গ্রাহকদের মোবাইলে এসএমএস পাঠিয়ে প্রকল্প থেকে নাম প্রত্যাহারের আবেদন জানানো হবে। মেসেজের সঙ্গে একটি লিঙ্কও দেওয়া হবে। সেই লিঙ্ক ব্যবহার করে বিদ্যুৎ দফতরের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন গ্রাহকরা। সেখান থেকেই বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের সুবিধা ছেড়ে দেওয়ার আবেদন জানানো যাবে।
মুখ্যমন্ত্রীর দাবি, বিহারের একটি পরিবার বছরে গড়ে প্রায় ১০ হাজার টাকার বিনামূল্যে বিদ্যুৎ পায়। আর্থিকভাবে সক্ষম গ্রাহকরা এই সুবিধা ত্যাগ করলে সরকারি কোষাগারের উপর চাপ কমবে। সেই অর্থ অন্য জনকল্যাণমূলক প্রকল্পে কাজে লাগানো সম্ভব হবে বলে মনে করছে রাজ্য সরকার।