অর্পিতা মুখার্জী, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় কমান্ডারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। এক জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করল কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। জানা গিয়েছে, বরখাস্ত হওয়া জওয়ানের নাম পিনাক নাথ। তিনি অসমের বাসিন্দা। সম্প্রতি কনস্টেবল হিসেবে বাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় সিআরপিএফের ৩৩ নম্বর ব্যাটালিয়নের আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন।
অভিযোগ, নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে পিনাক এক উচ্চপদস্থ কমান্ডারকে খুন করে নিজে আত্মহত্যা করার হুমকি দিয়েছিলেন। এই প্রেক্ষিতে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার কথা উল্লেখ করেন অভিযুক্ত। কিছুদিন আগে একটি বাহিনীতে এক জওয়ান সার্ভিস অস্ত্র দিয়ে তাঁর ঊর্ধ্বতন অফিসার ও সহকর্মীদের খুন করে। অভিযোগ, সমাজমাধ্যমে এই ঘটনার বিবরণও উল্লেখ করেছেন অভিযুক্ত।
পোস্টটি নজরে আসতেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে ব্যাটালিয়ন। কমান্ডিং অফিসার তদন্তের নির্দেশ দেন। সূত্রের খবর, তদন্তের পর শুক্রবার পিনাককে চাকরি থেকে বরখাস্ত করা হয়। সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (টেম্পোরারি সার্ভিস) রুলস, ১৯৬৫-এর ৫ নম্বর রুলের ১ নম্বর উপ-ধারা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আধিকারিকদের বক্তব্য, শৃঙ্খলা ও চেইন অফ কমান্ডের প্রতি কোনও হুমকির ক্ষেত্রে বাহিনীর জিরো টলারেন্স নীতি রয়েছে।
বরখাস্ত হওয়ার পর আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পিনাক। সেখানে চোখে জল নিয়ে তিনি বলেন, তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ভিডিওতে তাঁর হাতে বরখাস্তের চিঠি ধরা ছিল।
প্রসঙ্গত, সিআরপিএফে এটাই প্রথম এমন ঘটনা নয়। ২০২৫ সালের মে মাসে ৪১ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল মুনির আহমেদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে পাকিস্তানি নাগরিককে বিয়ে করার তথ্য গোপন করার অভিযোগ ছিল। জানা গিয়েছিল, শিয়ালকোটের মিনাল খানের সঙ্গে ২০২৪ সালের ২৪ মে অনলাইন নিকাহের মাধ্যমে বিয়ে হয়েছিল মুনিরের। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে স্বল্পমেয়াদি ভিসায় ভারতে আসেন মিনাল। তাঁর ভিসার মেয়াদ শেষ হয় ২২ মার্চ।
২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিলে বিষয়টি সামনে আসে। সিআরপিএফের দাবি ছিল, মুনির বিয়ের কথা গোপন করেছিলেন এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও স্ত্রীকে জেনেশুনে রেখে দিয়েছিলেন, যা জাতীয় নিরাপত্তার পক্ষে ক্ষতিকর। যদিও মুনিরের দাবি, তিনি বাহিনীকে জানিয়ে অনুমতি নিয়েছিলেন। পরবর্তীতে বরখাস্তের বিরুদ্ধে তিনি জম্মু ও কাশ্মীর হাইকোর্টে মামলা করেন।