ওঙ্কার ডেস্ক: ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে এসেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দিল্লিতে দাঁড়িয়েই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলকে কড়া বার্তা দিলেন তিনি। কোনও ধরনের হুমকির কাছে ইরান নতি স্বীকার করবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন পেজেশকিয়ান। ভারতের আতিথেয়তার প্রশংসাও করেছেন ইরানের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও আশা প্রকাশ করেন মাসুদ।
শনিবার থেকে শুরু ব্রিকস সম্মেলন। তার আগের দিন শুক্রবার দিল্লিতে পৌঁছন পেজেশকিয়ান। সফরের শুরুতেই মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।
এর পর সন্ধ্যায় ভারতের ধর্মীয় নেতা, বুদ্ধিজীবী এবং ব্যবসায়ী মহলের প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখেন ইরানের প্রেসিডেন্ট। সেখানেই ভারত-ইরান সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নিজের বার্তা দেন তিনি। পেজেশকিয়ানের বক্তব্য, মোদী সরকারের আতিথেয়তায় তিনি সন্তুষ্ট। দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তাঁর মতে, সেই আলোচনা ভারত ও ইরানের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে বাণিজ্য এবং অর্থনীতি— একাধিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন তিনি। দুই দেশ একসঙ্গে কাজ করলে পুরনো সহযোগিতার ক্ষেত্রগুলি ফের সক্রিয় করা সম্ভব বলেও আশা প্রকাশ করেন পেজেশকিয়ান।
ভারতের মাটিতে দাঁড়িয়ে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে সরব হন ইরানের প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক অবস্থান নেন তিনি। পেজেশকিয়ানের অভিযোগ, ভয় দেখিয়ে ইরানকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দুই দেশ। তবে সেই চাপের কাছে তেহরান কোনওভাবেই নত হবে না।