ওঙ্কার ডেস্ক: জম্মুকাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগে গ্রেফতার এক পাকিস্তানি অনুপ্রবেশকারী। ধৃতের বয়স ২০ বছর। তাঁর নাম আওয়াইস রাজা। সীমান্তের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাঁকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে। তবে কী উদ্দেশ্যে তিনি ভারতে প্রবেশ করেছিলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
পুলিশ সূত্রে খবর, জম্মুর আরনিয়া সাব-সেক্টরের আরএস পুরা এলাকার সাই কালান অঞ্চলে ঘটনাটি ঘটেছে। হরিপীর সেতুর কাছে সাই কালান মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আওয়াইস। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা তাঁকে আটক করেন। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতের পরিচয় সম্পর্কে জানা গিয়েছে, আওয়াইস রাজা পাকিস্তানের লায়া জেলার বাসিন্দা। তাঁর বাবার নাম ইমদাদ হুসেন। বাড়ি পাকিস্তানের জারানওয়ালা এলাকার বস্তি গোকলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারবার বয়ান বদলাচ্ছেন ওই যুবক। কখনও তিনি দাবি করছেন, পথ হারিয়ে সীমান্ত পেরিয়ে এসেছেন। আবার কখনও ভুলবশত ভারতে ঢুকে পড়ার কথা বলছেন। তাঁর যাতায়াতের পথ এবং ভারতে আসার উদ্দেশ্য নিয়েও একাধিক অসংলগ্ন তথ্য দিচ্ছেন বলে তদন্তকারীদের দাবি।
এই পরিস্থিতিতে সন্দেহ আরও বেড়েছে নিরাপত্তারক্ষীদের। সত্যিই কি ভুল করে সীমান্ত পেরিয়েছেন ওই যুবক? নাকি সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা যাচাই করতেই তাঁর এই অনুপ্রবেশ? এর পিছনে কোনও বড় অনুপ্রবেশ চক্র কিংবা পাচারের পরিকল্পনা রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে জম্মুর আরনিয়া-আরএস পুরা সীমান্তে এই ধরনের ঘটনা নতুন নয়। গত কয়েক মাসে একাধিক পাকিস্তানি নাগরিককে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
গত ১১ সেপ্টেম্বর কাঠুয়া জেলার হিরানগর সেক্টরের বোবিয়া এলাকায় সীমান্তের বেড়ার কাছে এক প্রবীণ পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়। তাঁর বয়স ছিল আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর। এর আগে ৮ সেপ্টেম্বর আরএস পুরার অক্ট্রয় চৌকির কাছে এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ধৃতের নাম সিরাজ খান। তিনি পাকিস্তানের সারগোধার বাসিন্দা ছিলেন। সীমান্ত পেরিয়ে বেড়ার দিকে এগোতে দেখে তাঁকে আটক করা হয়েছিল।