ওঙ্কার ডেস্ক: ঘনিষ্ঠ আত্মীয়ের মধ্যে বিয়ের প্রচলিত রীতি এবার কি বন্ধ হতে চলেছে? রক্তের সম্পর্ক রয়েছে, এমন ব্যক্তিদের মধ্যে বিয়ে নিষিদ্ধ করতে কেন্দ্রকে নতুন আইন আনার কথা ভাবতে বলল সুপ্রিম কোর্ট। এই ধরনের বিবাহের ফলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে জিনগত রোগ ও জন্মগত নানা সমস্যা দেখা দিতে পারে। এমন আশঙ্কা থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার পরামর্শ দিয়েছে দেশের শীর্ষ আদালত। তবে আইন তৈরি করার দায়িত্ব আদালতের নয়, সংসদ ও সরকারের, তা-ও স্পষ্ট করে দিয়েছে বিচারপতিদের বেঞ্চ।
ঘটনার সূত্রপাত বেঙ্গালুরুর এক আইন পড়ুয়ার দায়ের করা মামলাকে কেন্দ্র করে। চারভি এস নামের ওই ছাত্রী ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর বক্তব্য, এই ধরনের বিবাহের কারণে সন্তানদের মধ্যে একাধিক জিনগত সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে। আবেদনে তিনি জানিয়েছেন, এমন দম্পতির সন্তানদের জন্মগত শারীরিক ত্রুটি, দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তির সমস্যা এবং বিকাশজনিত প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। পাশাপাশি শিশুমৃত্যু ও অপুষ্টির ঝুঁকিও বাড়তে পারে। আবেদনকারীর দাবি, রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে বন্ধ করা গেলে এই ধরনের সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব। এই মামলার সঙ্গে আবেদনকারীর ব্যক্তিগত জীবনও জড়িয়ে রয়েছে। চারভি নিজেই এমন এক দম্পতির সন্তান, যাঁদের মধ্যে রক্তের সম্পর্ক ছিল। জন্মগতভাবে তাঁর দৃষ্টিশক্তি ৪০ শতাংশ কম। নিজের অভিজ্ঞতা থেকেই তিনি প্রশ্ন তুলেছেন, ক্ষতিকর পরিণতির আশঙ্কা থাকা সত্ত্বেও কেন দেশে এই ধরনের বিয়ের আইনি অনুমতি রয়েছে?
মামলাটি শুনেছে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে বন্ধ করতে আইন তৈরি করা হবে কি না, তা সম্পূর্ণভাবে আইনসভার সিদ্ধান্তের বিষয়। এই ধরনের বিবাহ নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে নেই। তবে বিষয়টি নিয়ে কেন্দ্রকে ভাবনাচিন্তা করার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। প্রয়োজনীয় আইন প্রণয়নের সম্ভাবনা খতিয়ে দেখতে ভারত সরকারকে একটি নোটিসও পাঠানো হয়েছে। বিচারপতিদের বক্তব্য, সরকারকে সরাসরি কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয়। তবে বিষয়টির গুরুত্ব বুঝে সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করার জন্য অনুপ্রাণিত করা যেতে পারে।
শুধু আইন তৈরি করলেই সমস্যার সমাধান হবে না বলেও মনে করছে আদালত। এ ক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্কুলের পাঠ্যক্রমে বিষয়টি অন্তর্ভুক্ত করা কিংবা বিভিন্ন সচেতনতামূলক প্রচারের মাধ্যমে নাগরিকদের সতর্ক করার পরামর্শ দিয়েছে বেঞ্চ। একই সঙ্গে বিয়ের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতার বিষয়টিও স্বীকার করেছে সুপ্রিম কোর্ট। জীবনসঙ্গী নির্বাচন প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাব্য ঝুঁকি ও পরিণতি সম্পর্কে সচেতন থাকা জরুরি। এখন কেন্দ্র এই পরামর্শের ভিত্তিতে কী পদক্ষেপ করে, সেটাই দেখার।