ওঙ্কার ডেস্কঃ ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস। দেশ জুড়ে এই দিনটি পালন করছে নির্বাচন কমিশন। বিধানসভা ভোটের আগে এসআইআর ইস্যুতে উত্তাল বাংলা। খসড়া তালিকা, শুনানি নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে। তারমধ্যে ভোটার দিবসে ‘মন কি বাতে’ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তরুণ সমাজের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রে অংশগ্রহণ এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। পাশাপাশি তিনি ভোটারদের গণতন্ত্রের আত্মা বলে অভিহিত করেন।
নির্বাচন, নতুন ভোটার তালিকা এবং ভোটার তালিকা সংশোধন উপলক্ষে এই দিনটি পালন করে কমিশন। রবিবার দেশ জুড়ে এই দিনটি পালন করছে নির্বাচন কমিশন। বাংলায় বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে। অভাব, অভিযোগ, পালটা অভিযোগের ভিত্তিতে উত্তাপ চড়ছে বাংলায়। পদ্মশিবিরেরও পাখির চোখ বঙ্গভোট। এই আবহে জাতীয় ভোটার দিবসে বার্তা দিনের প্রধানমন্ত্রী।
রবিবার ছিল ‘মন কি বাত-এর ১৩০তম পর্ব। আবার এই দিন অর্থাৎ ২৫ জানুয়ারিকে ‘জাতীয় ভোটার দিবস’হিসেবে পালন করছে নির্বাচন কমিশন। তাই বোধহয় মোদীর ভাষণের অনেকটা অংশ জুড়ে ছিল প্রথম ভোটদান। মোদী জানান, ভোটাররাই গণতন্ত্রের আত্মা। তরুণ সমাজের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন ১৮ বছর হলেই যেন ভোটার তালিকায় নাম তোলা হয়। তিনি বলেছেন, ভোটার হওয়া শুধুমাত্র একটি সাংবিধানিক অধিকার নয়, দায়িত্ব বটে।
বাংলায় ভোটার লিস্ট থেকে নাম বাদ যাচ্ছে। চূড়ান্ত তালিকায় কী হয়, তা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ। তাই প্রধানমন্ত্রীর উৎসাহের পরও বাংলায় ভোটার তালিকা, এসআইআর ইস্যু নিয়ে আতঙ্ক থাকছেই।
