ওঙ্কার ডেস্ক: সংসদে আসন পুনর্বিন্যাস বিল ঘিরে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন করে তৎপরতা। কেন্দ্রের এই প্রস্তাব আটকে দিতে বিরোধী শিবিরের কৌশল কী হবে, তা নিয়ে আলোচনা চলছে জোরকদমে। এই পরিস্থিতিতে শুক্রবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কালীঘাট তৃণমূল সূত্রের দাবি, দুই নেতার মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। মূলত সংসদের বিশেষ অধিবেশনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র প্রস্তাব মোকাবিলার পথ নিয়েই কথাবার্তা হয়েছে তাঁদের।
আগামী ৩০ নভেম্বর লোকসভা এবং ২ ডিসেম্বর রাজ্যসভার বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা। তিন দিনের এই অধিবেশন শেষ হবে ৩ ডিসেম্বর। কেন্দ্রের লক্ষ্য, এই অধিবেশনেই আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পাশ করানো। অন্যদিকে, বিলটি আটকে দিতে বিরোধী দলগুলির মধ্যে সমন্বয় গড়ে তোলার চেষ্টা চলছে। তৃণমূল সূত্রের দাবি, লোকসভার আসনসংখ্যা বৃদ্ধি এবং নির্বাচনী কেন্দ্র পুনর্বিন্যাসের প্রস্তাব কীভাবে আটকানো যায়, তা নিয়ে মমতা ও রাহুলের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে সংসদে সাংসদ সংখ্যার নিরিখে বিরোধী জোটের অবস্থান এখন যথেষ্ট দুর্বল। একের পর এক বিরোধী দলের অবস্থান বদল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
আসন পুনর্বিন্যাস বিলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে ডিএমকে। তামিলনাড়ুর এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন দলের এই অবস্থান বিরোধী শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বিলের বিষয়ে দুটি শর্ত রেখেছিল ডিএমকে। প্রথমত, পুনর্বিন্যাসের পর দেশের প্রতিটি রাজ্যে লোকসভার আসন ৫০ শতাংশ বাড়াতে হবে। এর ফলে তামিলনাড়ুর বর্তমান ৭.২ শতাংশ প্রতিনিধিত্ব বজায় থাকবে। দ্বিতীয়ত, আগামী ২৫ বছর লোকসভার আসনসংখ্যায় আর কোনও পরিবর্তন করা যাবে না। বিজেপি এই দুটি দাবিই মেনে নিয়েছে বলে খবর। এরপর শনিবার সকালে চেন্নাইয়ে দলের বৈঠকে বিলের পক্ষে সমর্থনের সিদ্ধান্তে চূড়ান্ত সম্মতি দেওয়া হয়।
ডিলিমিটেশন বিল নিয়ে বিজেপির পক্ষে আরও একটি গুরুত্বপূর্ণ সমীকরণ তৈরি হয়েছে শরদ পাওয়ারের এনসিপি (এসপি)-কে ঘিরে। সূত্রের দাবি, এই দলের সমর্থনও অনেকটাই নিশ্চিত করেছে শাসক শিবির। বিনিময়ে শরদ পাওয়ারের মেয়ে তথা লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে।