ওঙ্কার ডেস্ক: ফুচকা খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু। লোভনীয় এই খাবার খাওয়ার পর তাদের বমি ও ডায়েরিয়ার উপসর্গ দেখা দিতে শুরু করে বলে অভিযোগ। এর পর তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রাজান্না সিরসিল্লা জেলার থাঙ্গাল্লাপাল্লি মণ্ডলের কেসিআর নগর কলোনিতে। খাদ্যে বিষক্রিয়ার জেরে এই ঘটনা বলে মনে করা হচ্ছে।
থাঙ্গাল্লাপাল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ‘শিশু ও তাদের পরিবারের লোকজন কলোনিতে আসা এক হকারের কাছ থেকে ফুচকা কিনে খেয়েছিল। তার কিছুক্ষণ পরেই ১৫ জন শিশুর বমি ও ডায়েরিয়ার উপসর্গ দেখা দিতে শুরু করে। তাদের দ্রুত রাজান্না সিরসিল্লা জেলার সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্তমানে তাদের চিকিৎসা চলছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি; তবে ঘটনার খবর পাওয়ার পর ফুচকা বিক্রেতাকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, এর আগে গত ৮ জুন মধ্যপ্রদেশের গুনা জেলায় দূষিত পানীয় জল গ্রহণের ফলে অসুস্থ হয়ে পড়েছিল ১২ জনের বেশি শিশু। তাদেরকে জেলা হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। সেই ঘটনায় এলাকা থেকে জলের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠিয়েছিল জেলা প্রশাসন। শিশুদের বমি, পেটে ব্যথা এবং জন্ডিসের উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তবে সে সময়ত কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছিল প্রশাসন।