ওঙ্কার ডেস্ক: ঢাকার রাজনৈতিক পরিবেশে টানটান উত্তেজনার মধ্যেই প্রয়াত যুবনেতা ওসমান হাদির জানাজাকে ঘিরে সৃষ্টি হল নতুন করে অস্থিরতা। বৃহস্পতিবার ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্রাঙ্গণে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হতে শুরু করেন।
জানাজার সময় সংসদ ভবন সংলগ্ন এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সেনা, পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয় সংসদ ভবনের চারপাশে। জানাজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও নামাজ শেষ হওয়ার পর পরিস্থিতি হঠাৎ বদলে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, ভিড়ের একটি অংশ হঠাৎ সংসদ ভবনের দিকেই এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং গেটের কাছে ভিড় বাড়তে থাকে। কিছু মানুষ সংসদ ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে সক্রিয় হয় নিরাপত্তা বাহিনী। সংসদ ভবনের প্রবেশপথে মানবপ্রাচীর গড়ে তোলা হয় এবং মাইকে বারবার জনতাকে পিছিয়ে যেতে ও শান্ত থাকার আবেদন জানানো হয়। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী নামানো হয়। কয়েক দফা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলেও বড় কোনও সংঘর্ষের খবর মেলেনি।
এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য সংসদ ভবন এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় এবং সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে কিছুটা সময় লাগলেও শেষ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে ভিড় ধীরে ধীরে ছত্রভঙ্গ হয়।
ওসমান হাদির মৃত্যু ঘিরে আগেই বাংলাদেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা, বিক্ষোভ ও হিংসার ঘটনা ঘটেছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রতিবাদ, ভাঙচুর ও সংঘর্ষের খবর সামনে এসেছে। সেই আবহেই জানাজার দিন সংসদ ভবনের সামনে এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াল। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে।
