নিজস্ব প্রতিনিধি, শ্যামপুর: গত দু-তিন দিন ধরে তীব্র নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে হাওড়ার শ্যামপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শনিবারও শ্যামপুর-সহ হাওড়া জুড়ে আকাশ ছিল মেঘলা, তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রির আশপাশে, বাতাসে আর্দ্রতা ৯৩ শতাংশেরও বেশি। থেমে থেমে বৃষ্টির ফলে মাঠে জমা জল নামার কোনও লক্ষণ নেই। আর সেই জলের তলায় চলে গিয়েছে শ্যামপুরের প্রধান ফসল আমন ধান। কয়েক মাসের পরিশ্রম, বীজ, সার আর ধারের টাকায় তৈরি করা ফসল চোখের সামনে ডুবতে দেখে দিশেহারা চাষিরা। অনেকেই মাঠের ধারে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছেন, কাটার মুখে এসে ধান নষ্ট হয়ে যাওয়ায় সংসার কীভাবে চলবে, সেই দুশ্চিন্তায় ঘুম উড়েছে তাঁদের।
চাষিদের অভিযোগ, শুধু বৃষ্টিই এই সর্বনাশের একমাত্র কারণ নয়। গত কয়েক বছর ধরে শ্যামপুরের বাছরি, আমড়দহ-সহ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় নিকাশি খাল বুজিয়ে ঘরবাড়ি আর দোকান তৈরি হয়েছে। তাঁদের দাবি, পূর্বতন সরকারের মদতেই খালের জমি দখল হয়ে গিয়েছে। ফলে বৃষ্টির জল বেরিয়ে যাওয়ার কোনও পথ নেই। জল জমে থাকায় দিনের পর দিন ধানগাছ পচতে শুরু করেছে। একসময় যে খাল দিয়ে জমির জল বেরিয়ে যেত, আজ সেই খালের উপরেই দাঁড়িয়ে আছে পাকা বাড়ি।
এই অবস্থায় চাষিদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। দ্রুত জল নিকাশের ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য ক্ষতিপূরণের দাবি তোলা হবে বলে জানিয়েছেন তাঁরা। যদিও আপাতত চাষিদের চোখে-মুখে শুধুই হতাশা। রবিবার থেকে আবহাওয়া কিছুটা ভালো হওয়ার পূর্বাভাস থাকলেও, ততদিনে মাঠের ধান বাঁচবে কি না, তা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন চাষিদের মনে।