নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান:- ছট পুজোকে কেন্দ্র করে পুণ্যার্থীদের নিরাপত্তা, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নির্বিঘ্নে পুজো সম্পন্ন করার লক্ষ্যে তৎপর প্রশাসন। সেই লক্ষ্যে শনিবার পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহা-ফরিদপুর ব্লকের বিভিন্ন নদীঘাট পরিদর্শন করলেন পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
ছট পুজো উপলক্ষে পুণ্যার্থীদের ভিড়, নদীঘাটের পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখতে একাধিক ঘাট পরিদর্শন করা হয়। এই পরিদর্শনে উপস্থিত ছিলেন এসিপি অন্ডাল, লাউদোহা-ফরিদপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও), সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি হিমাদ্রি বর্মন এবং এসিপি দীপ কুমার দাস।
পরিদর্শনকালে আধিকারিকরা বিভিন্ন ঘাটের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন এবং ছট পুজোর দিন যাতে পুণ্যার্থীদের কোনওরকম অসুবিধার সম্মুখীন হতে না হয়, সেদিকে বিশেষ নজর দেন। পাশাপাশি ঘাটগুলিতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং পুজো উপলক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি সুনিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
ছট পুজো উপলক্ষে নদীঘাটে বহু মানুষের সমাগম হয়। তাই পুণ্যার্থীদের সুরক্ষা, যানজট নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ ও প্রশাসনের এই আগাম তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশাসনের এই পরিদর্শনের ফলে ছট পুজোকে ঘিরে নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও সুসংহত হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।