অর্পিতা মুখার্জী, কলকাতা: ইএম বাইপাসের ধারে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ নতুন সদর কার্যালয়ের সামনে পুলিশের ব্যারিকেড বসানো নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। মমতা শিবিরের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় আনন্দপুর থানার পুলিশ কোনও আগাম নোটিস ছাড়াই ওই ভবনে ঢোকার রাস্তা আটকে দিয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় নির্মীয়মাণ ভবন থেকে কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফোন করে জানানো হয়, পুলিশ এসে কার্যালয়ে প্রবেশের পথ বন্ধ করে দিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন কলকাতার সংগঠনের দুই জেলা সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁরা সেখানে থাকা কর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন।
তৃণমূল নেতৃত্বের দাবি, ভবনের ভিতরে যাতে কেউ ঢুকতে না পারে, সেই কারণেই পুলিশ এই পদক্ষেপ করেছে। কারণ জানতে চাইলে পুলিশের তরফে বলা হয়, কলকাতা পুরসভার প্রয়োজনীয় অনুমতি ছাড়া নির্মীয়মাণ ভবনটি ব্যবহার করা যাবে না।
এই যুক্তি মানতে নারাজ মমতা শিবির। তাঁদের বক্তব্য, কার্যালয়ের নির্মাণকাজ এখনও শেষ হয়নি। দলীয় কাজের জন্য ভবনটি ব্যবহারও করা হচ্ছে না। নির্মাণের অগ্রগতি দেখতেই নেতা-কর্মীরা সেখানে যাতায়াত করছেন। তাই পুরসভার অনুমতি সংক্রান্ত পুলিশের ব্যাখ্যার কোনও বাস্তব ভিত্তি নেই বলে দাবি কালীঘাট শিবিরের।
শনিবার সকালে পরিস্থিতি দেখতে নির্মীয়মাণ কার্যালয়ে যান রাজ্যসভার তৃণমূল সাংসদ দোলা সেন। সেখানে কর্মীদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন তিনি। বৈঠকের পর এই ঘটনার তীব্র নিন্দা করে দোলা বলেন, এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। তাঁর অভিযোগ, শুক্রবার জোড়া হার হয়েছে প্রতিপক্ষের। সেই হারের প্রতিশোধ নিতেই পার্টি অফিস দখলের চেষ্টা হচ্ছে। জোড়া হারের জ্বালা থেকেই প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে। তবে এ সব করে মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর দলকে দমানো যাবে না বলেও জানান তিনি।
এই ঘটনায় বাইপাস সংলগ্ন এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসন নিয়ম ও পুরসভার অনুমতির কথা বললেও, মমতার নেতৃত্বাধীন দলের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টিকে সরাসরি রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছে।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটে জেতার পর পুরনো দলীয় ভবন ভেঙে নতুন করে নির্মাণ শুরু হয়। বিকল্প ব্যবস্থা হিসেবে বাইপাসের ক্যানাল রোডের একটি বহুতলকে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করতে শুরু করে তৎকালীন শাসকদল। কিন্তু ২০২৬ সালের বিধানসভা ভোটে হারের পর দলে বড় ভাঙন দেখা দেয়।
এক সময়ের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী বিধায়করা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে নির্বাচন কমিশনে আবেদন করেছেন। কমিশন অন্তর্বর্তী সিদ্ধান্তে তৃণমূলের মূল নাম ও জোড়া ফুল প্রতীক ব্যবহারের অধিকার স্থগিত রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীকে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং ঋতব্রত নেতৃত্বাধীন দলকে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নামে কাজ করতে বলা হয়েছে। বর্তমানে ক্যানাল রোডের কার্যালয়টি গণতান্ত্রিক তৃণমূলের দখলে রয়েছে। তাই নির্মীয়মাণ কার্যালয়ের দেখভালের জন্য কর্মীদের সেখানে নিয়মিত পাঠানো হচ্ছে বলে মমতা শিবির সূত্রে জানা গিয়েছে।