নিজস্ব প্রতিনিধি, কলকাতা : দুর্গাপুজো মিটতেই ফের গা ঝাড়া দিয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার চূড়ান্ত চার্জশিট পেশ সিবিআইয়ের। শুক্রবার, ব্যাঙ্কশাল আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। চূড়ান্ত চার্জশিটে কার কার নাম রয়েছে ?
সূত্রের খবর, চূড়ান্ত চার্জশিটে নাম রয়েছে মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারীর। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নদিয়ার নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, বীরভূমের তৃণমূল নেতা বিভাস অধিকারীরা। এ ছাড়াও নাম জড়িয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক আধিকারিকের।
৭০ পাতার এই চার্জশিট চূড়ান্ত চার্জশিট বলে মনে করা হচ্ছে। এই চার্জশিটে নাম রয়েছে মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারী রত্না চক্রবর্তী বাগচির। ২০২২ সাল থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই মামলায় জামিন পেয়েছেন তিনি। এর আগে ইডির মামলাতেও জামিন পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি কবে? এই প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতিতে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা প্রথমে আলিপুর আদালতে চলছিল। পরে সেই মামলা ব্যাঙ্কশাল আদালতে ওঠে।
