নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: মদ, গাঁজা আর ব্রাউন সুগারের আসর বন্ধের দাবি তুলতেই রণক্ষেত্র হয়ে গেল দুর্গাপুরের গোপালপুর উত্তরপাড়া। অসামাজিক কাজের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন স্থানীয় বাসিন্দারা। দুই পক্ষের সংঘর্ষে মাথা ফাটল একাধিক মহিলার। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় বিশাল পুলিশ বাহিনী।
জানা যাচ্ছে, এই ঘটনার পরেই পুলিশকে কার্যত কড়া হুঁশিয়ারি দিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে পুলিশকে কীভাবে কাজ করাতে হয়, আমাদের জানা আছে। সেইভাবেই করানো হবে।” বিধায়কের এই মন্তব্য ঘিরেও শুরু হয়েছে চর্চা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত রবিবার রাতে। বাসিন্দাদের অভিযোগ, গোপালপুর উত্তরপাড়ায় দীর্ঘদিন ধরেই মদ ও গাঁজার ঠেক চলছে। এমনকি সেখানে ব্রাউন সুগারের আসর বসার অভিযোগও উঠেছে। এই অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে সরব হয়েছিলেন এলাকার কয়েকজন বাসিন্দা। অভিযোগ, প্রতিবাদ করতে গেলেই শুরু হয় বচসা। ক্রমে তা সংঘর্ষের রূপ নেয়। দু-পক্ষের মধ্যে শুরু হয় মারধর ও ধস্তাধস্তি। অভিযোগ, সংঘর্ষের সময় ধারালো অস্ত্র দিয়েও হামলা চালানো হয়। তাতেই গুরুতর জখম হন এক ব্যক্তি। মাথা ফেটে রক্তাক্ত হন বেশ কয়েকজন মহিলা।
আহতদের মধ্যে কয়েকজন দুর্গাপুর মহকুমা হাসপাতাল এবং রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু সোমবার সকালেও ফের উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে দ্বিতীয়বারের জন্য ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।