নিজস্ব প্রতিনিধি, পাণ্ডবেশ্বর: লোক আস্থার মহাপর্ব ছটপুজোর আনন্দের মধ্যেই পাণ্ডবেশ্বরের গায়ঘাটা ঘাটে সোমবার সকালে নেমে এল শোকের ছায়া। সূর্যদেবকে অর্ঘ্য দিতে গিয়ে বিদ্যুতের তারের সংস্পর্শে প্রাণ হারালেন স্থানীয় বাসিন্দা বিনোদ নোনিয়া। এই মর্মান্তিক দুর্ঘটনার পর ঘাটে উপস্থিত পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সূত্রের খবর, সোমবার সকালের দিকে গায়ঘাটা ছটঘাটে অর্ঘ্য দিতে গিয়েছিলেন বিনোদ। সেই সময়ই বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন তিনি। মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়েন। ঘাটে থাকা বাকি পুণ্যার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এরপর ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে উপস্থিত হন এসিপি (আন্ডাল ডিভিশন) দীপ কুমার দাস, পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুশোভন বন্দ্যোপাধ্যায়, বিডিও এবং জয়েন্ট বিডিও-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর ছটঘাটগুলিতে বিদ্যুৎ ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য প্রতিটি ছটঘাটে বিদ্যুৎ সংযোগ পরীক্ষা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।