ওঙ্কার ডেস্ক: জম্মুকাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল দুই জঙ্গির। নিহতদের মধ্যে রয়েছে লস্কর-ই-তইবার এক সদস্য। তার নাম লতিফ ভাট। গত সপ্তাহে সিআরপিএফের একটি পোস্টে হামলার ঘটনার পর থেকেই এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী। সেই তল্লাশি অভিযানের মাঝে সোমবার কুলগামে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ শুরু হয়। তার আগে রবিবার ওই এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছিল বাহিনী। গোয়েন্দা সূত্রে খবর, সিআরপিএফ পোস্টে হামলার সঙ্গে জড়িত জঙ্গিরা ওই এলাকায় লুকিয়ে রয়েছে।
সূত্রের খবর, জম্মুকাশ্মীর পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতেই তল্লাশি অভিযান শুরু হয়। সেই অভিযানের সময়ই জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই বাধে। সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়। নিহতদের মধ্যে লস্কর-ই-তইবার সদস্য লতিফ ভাটের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
রিপোর্ট অনুসারে, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা, ডিজিপি নলিন প্রভাত এবং কাশ্মীর রেঞ্জের আইজিপি সুজিৎ কুমার সিং-এর তত্ত্বাবধানে এদিন তল্লাশি অভিযান শুরু হয়। এই তল্লাশি অভিযানের অংশ হিসেবে এলাকাটির সমস্ত প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ করে দেওয়া হয়। ১১ নভেম্বর কুলগামে ভারী অস্ত্রে সজ্জিত দুই সন্ত্রাসী সিআরপিএফ (CRPF)-এর একটি চৌকিতে গুলি চালায়। এই অতর্কিত হামলায় সিআরপিএফ-এর তিন সদস্য জখম হন। পরদিন, ১২ নভেম্বর কিশতওয়ার জেলার দুর্গম দাচ্ছান বনাঞ্চল থেকে দুই বিশেষ পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়।